বৃষ্টি ও মালিঙ্গায় ফাইনালে শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের আফসোস থাকবেই।
৩৭ বলে ৮১ রান সহজ কথা নয়। কিন্তু একেবারেই কি অসম্ভব কিছু! হাতে যেখানে ৬ উইকেট এবং উইকেটে ছিলেন ড্যারেন স্যামি। এই ম্যাচের আগে টুর্নামেন্টে যাঁর স্ট্রাইক রেট ২২৪.৪৪! সঙ্গী মারলন স্যামুয়েলস এই টুর্নামেন্টে মিটিমিটি তারা, কিন্তু তাঁর ব্যাট থেকেও চার-ছক্কার আতশবাজি ছড়াতে কতক্ষণ!
ওয়েস্ট ইন্ডিজের আফসোস থাকবেই।
ম্যাচের আগে কত হিসাব-নিকাশ! দুই বছর আগে কলম্বোর ফাইনালেরই পুনরাবৃত্তি, নাকি এবার নতুন কোনো গল্প? দুই দলের স্পিনারদের লড়াইয়ের ফলই কি হয়ে দাঁড়াবে নির্ধারক, নাকি কারও ব্যাটে ঝোড়ো ইনিংস? কে জানত, প্রকৃতি তখন মুচকি হাসছিল, ‘ওহে মূঢ় মানবগণ! তোমরা যদি জানতে আমি কী চিত্রনাট্য সাজিয়ে রেখেছি!’
সেই চিত্রনাট্যে রান-উইকেটের বদলে বজ্রবিদ্যুৎ-ধূলিঝড়-শিলাবৃষ্টি! হঠাৎ সন্ত্রাসের মতো ঝাঁপিয়ে পড়া কালবৈশাখী ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে ১৩.৫ ওভারে থামিয়ে দিয়ে অপমৃত্যু ঘটাল প্রথম সেমিফাইনালের। বৈশাখ আসার আগেই কালবৈশাখী!
‘অপমৃত্যু’ কথাটাতে আপত্তি জানাতে পারে শ্রীলঙ্কানরা। যুক্তি তো আছেই। যতক্ষণ খেলা হয়েছে, আমরাই কি শ্রেয়তর দল ছিলাম না? ইনিংসের প্রথম ২৩ বলে বিনা উইকেটে ৪১ থেকে দেখতে না-দেখতেই ৩ উইকেটে ৪৯ হয়ে যাওয়ার পরও কি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াইনি? শেষ দুই ওভারে ৩২ রান তুলে ১৩০-১৪০ সম্ভাব্য স্কোরটাকে কি নিয়ে যাইনি জয়ের স্বপ্ন দেখার মতো ১৬০ রানে? আর বজ্রবৃষ্টির পূর্বাভাসও তো আকাশ অনেকক্ষণই দিচ্ছিল। ডাকওয়ার্থ-লুইস মাথায় রেখে পারলে রানটা করে ফেলতি তোরা!
ব্যাটিং করতে নামার সময় ঝড়বৃষ্টি এবং ডাকওয়ার্থ-লুইস স্যামিদেরও মাথায় ছিল। কিন্তু ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর সেটি ভুলে যাওয়া ছাড়া আর উপায় কী! বৃষ্টি যখন খেলা বন্ধ করে দিল, ওয়েস্ট ইন্ডিজ তখন ডাকওয়ার্থ-লুইসে ‘পার স্কোর’ থেকে ২৭ রানে পিছিয়ে। তুমুল ঝড়বৃষ্টি ম্যাচের সমাপ্তি ঘোষণাটাকে শুধুই সময়ের ব্যাপার বানিয়ে দিয়েছিল তখনই। স্যামি ও স্যামুয়েলস ড্রেসিংরুমে ফিরে যদি প্যাড খুলে ফেলে না থাকেন, তাঁদেরকে বলতে হবে এই পৃথিবীর সবচেয়ে আশাবাদী দুই মানব।
বৃষ্টিতে এক বল খেলা না হলেও সুপার টেনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে চলে যেত শ্রীলঙ্কা। বৃষ্টি নিয়ে ভয়টা তাই ওয়েস্ট ইন্ডিজেরই বেশি ছিল। নুয়ান কুলাসেকারার প্রথম ওভার থেকেই ১৭ রান ভয়-তাড়ানিয়া হয়ে দেখা দিয়ে আবার মিলিয়েও গেল কিছুক্ষণের মধ্যেই। এক ওভারেই ১৭, পরের ১৭ রান করতে লাগল আরও ৬ ওভার! ম্যাচটা আসলে ওখানেই জিতে গেল শ্রীলঙ্কা।
তাই যদি হয়, তাহলে কে জেতালেন, সেটি তো অনায়াসেই বলা যাচ্ছে। লাসিথ মালিঙ্গা! শ্রীলঙ্কান অধিনায়ক পাঁচ বলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই পরাক্রান্ত ওপেনার ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথকে তুলে নিয়েই তো পাংচার করে দিলেন রানের চাকা।
আনুষ্ঠানিকভাবে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি পেলেন অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কান ব্যাটিংয়ের দুই মহিরুহ জয়াবর্ধনে ও সাঙ্গাকারা মিলে ১ রান করার পর ধুঁকতে থাকা ইনিংসে প্রাণসঞ্চারিণী ২৩ বলে ৪০ রানের ঝড়ের কারণে।
ম্যাথুস-মালিঙ্গা সবচেয়ে বড় অভিনন্দনটাও বোধ হয় পেয়েছেন জয়াবর্ধনে ও সাঙ্গাকারার কাছ থেকেই। এই বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন দুজনই। এটাই যদি শেষ ম্যাচ হয়ে যেত, দুঃখের সীমা থাকত না তাঁদের। জয়াবর্ধনের গল্পটা তো আধিদৈবিকই হয়ে যেত। জীবনের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি বলও খেলার আগেই রানআউট!
ঝড়বৃষ্টি চূড়ান্ত নাটকীয়তা উপহার দেওয়ার আগেই অবশ্য আসল নাটকটি মঞ্চস্থ হয়ে গেছে। তবে সেটি পর্দার আড়ালে। এই ম্যাচে মালিঙ্গার অধিনায়কত্ব করাটা তো চরম নাটকীয়তাই। যেটির আভাস পরশুই দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু কেউ তা বোঝেনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়কের আসাই নিয়ম। নিয়মের যে ব্যতিক্রম হয় না, তা নয়। ভারত-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের আগে কালই যেমন মহেন্দ্র সিং ধোনি নিজে না এসে পাঠালেন রবিচন্দ্রন অশ্বিনকে। পরশু শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হয়ে কোনো খেলোয়াড়ই নন, এসেছিলেন কোচ পল ফারব্রেস। সেটির কারণ বোঝা গেল কাল ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে। পরদিনের সেমিফাইনালে কে শ্রীলঙ্কার অধিনায়ক, এটিই যে তখনো চূড়ান্ত হওয়ার অপেক্ষায় ছিল!
চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে নিষিদ্ধ হয়ে বাইরে ছিলেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়ে সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর ৮ ইনিংসে সর্বোচ্চ রান ২২। শুধুই অধিনায়কের পদাধিকারে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলে জায়গা ধরে রাখাটা ‘অনৈতিক’ মনে হওয়ায় দর্শক হয়ে থাকাই যুক্তিযুক্ত বলে মনে হলো তাঁর।
যেটির তুলনা খুঁজতে পিছিয়ে যেতে হচ্ছে প্রায় চার দশক। যেখানে চান্ডিমালের পূর্বসূরির নাম মাইক ডেনেস। ১৯৭৪-৭৫ অ্যাশেজ সিরিজে লিলি-টমসনের তোপের মুখে হকচকিত ইংলিশ অধিনায়ক ৬ ইনিংসে ৬৫ রান করার পর নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন চতুর্থ টেস্ট থেকে।
চার দশকের পুরোনো স্মৃতি ফিরিয়ে এনে ম্যাচে না থেকেও তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে দিনেশ চান্ডিমাল। রাত ১০টা নাগাদ অবশ্য খেলোয়াড়দের কেউই নন, সবাইকে ছাপিয়ে ম্যাচের সবচেয়ে আলোচিত ‘চরিত্র’ প্রকৃতির পাঠানো প্রলয়দূত।
বজ্রমানিক দিয়ে গাঁথা শিলাবৃষ্টির মালা!
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৬০/৬
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৫ ওভারে ৮০/৪
ফল: শ্রীলঙ্কা ২৭ রানে জয়ী (ডি/এল)