বৃষ্টি ও মুশফিক-বিনোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৩৪ ওভার খেলা হলো। সেটিও শুধু জাতীয় দলের খণ্ডিত ইনিংসই। তবে ওটুকু সময়েই গ্যালারিতে হাজার খানেক দর্শকের মন রাঙিয়ে দিলেন মুশফিকুর রহিম।সকালের বৃষ্টির পর ৩৪ ওভারের ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর। বাংলাদেশ জাতীয় দল বনাম একাডেমি। ঘাড়ে ব্যথা থাকায় তামিম ইকবাল খেলেননি। শাহরিয়ার নাফীসের সঙ্গে ওপেনিংয়ে নেমে আগের ম্যাচে বাইরে থাকা ইমরুল কায়েস ব্যাট হাতে কালও ব্যর্থ (৪)।এরপর শাহরিয়ারের ৫২ বলে ৩৮, অলকের ৫১ বলে ২৮। নাসির (১৬ বলে ২৪) আর আশরাফুলও (৩২ বলে ২৭) মাঝারি সংগ্রহের দুটি ইনিংস খেলে গেলেও বড় জুটি হয়নি। মাঝখানে শুভাগত আউট হয়ে গেছেন মাত্র ৪ রান করে। ২৪.১ ওভারে ১১৩ রানে ৫ উইকেট হারানো জাতীয় দলের স্কোর বোর্ড একটু রুগ্ণই দেখাচ্ছিল যেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ‘মুশফিক শো’ শুরু হলো এরপরই।৪ ছক্কা আর ৬ বাউন্ডারিতে ৩০ বলে অপরাজিত ৬৪—এতেও ইনিংসটির পুরো বর্ণনা হয় না। শেষ দুই ওভারে তো বোলাররা বল ফেলার জায়গা পাচ্ছিলেন না। ৩৩তম ওভারে কাজী কামরুলের চতুর্থ বলে এক্সট্রা কাভার দিয়ে চার, পরের বলে চার মিড উইকেট দিয়ে, শেষ বলে স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কায় মাত্র ২৭ বলে ফিফটি! আলাউদ্দিনের পরের ওভারের চতুর্থ বলে পয়েন্টের ওপর দিয়ে ছক্কা। শট খেলার ঠিক আগে একটা হাত ছুটে যাওয়ায় ছক্কাটা বলতে গেলে এক হাতেই মারলেন। পরের বলে ২ রান, শেষ বলে পয়েন্ট দিয়ে চার—৮ উইকেটে ২১৫ রানে শেষ হলো জাতীয় দলের ইনিংস।ইনিংস বিরতিতে বৃষ্টি ম্যাচ ওখানেই শেষ করে দিল। কারণ ভেজা মাঠে জাতীয় দলের বোলার-ফিল্ডারদের খেলানোটা ঝুঁকিই হয়ে যেত। অসমাপ্ত এই ম্যাচও খুব বেশি অতৃপ্তি রাখল না, সে কৃতিত্ব মুশফিকের। সঙ্গে কি উইকেটেরও নয়? ‘ঘরের মাঠে আমার দেখা অন্যতম সেরা উইকেটে খেলছি এখন। বাউন্স-পেস সবই আছে উইকেটে’—ম্যাচ শেষে মুশফিকই বলেছেন কথাটা।সম্ভাব্য অধিনায়কের আলোচনায় আছেন। ভাবতে পারেন, সেটার দ্যুতিই বুঝি ছড়াচ্ছেন মুশফিক। যদিও অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না দাবি করে তিনি বলছেন, ‘জিম্বাবুয়ে সফর থেকেই ব্যাটিং ভালো হচ্ছে। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচে রান করায় আত্মবিশ্বাস বেড়েছে। এরপর টেস্ট-ওয়ানডেতেও মোটামুটি ভালো করেছি। আসলে যে পরিশ্রমটা করছি, তারই ফল পাচ্ছি।’আগেও বলেছেন, অধিনায়কত্বের আলোচনাকে মাথায় ঢোকাতে চাইছেন না। কাল আবারও সেটাই বললেন মুশফিক, ‘আমি কেবল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথাই ভাবছি এখন। অধিনায়কত্ব পাওয়ার পর এটা নিয়ে ভাবব।’