বৃষ্টি ও সাঙ্গাকারার কাছে হারল উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিত ৯০ রানের ইনিংস খেলার পথে কুমার সাঙ্গাকারা। গত পরশু পোর্ট অব স্পেনে ষ এএফপি
অপরাজিত ৯০ রানের ইনিংস খেলার পথে কুমার সাঙ্গাকারা। গত পরশু পোর্ট অব স্পেনে ষ এএফপি

আকাশে মেঘের ঘনঘটা। কুইন্স পার্ক ওভালে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় দিনের খেলা! ওয়েস্ট ইন্ডিজের নিভু নিভু আশার প্রদীপ ড্যারেন ব্রাভো আর লেন্ডল সিমন্সের ব্যাট থেকে জ্বালানি পেয়ে তখনো আলো ছড়াচ্ছে। ৩২ ওভার শেষ হতে এক বল বাকি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া লক্ষ্যটা ছুঁতে হলে ওই ওভারের শেষ বলে ৬ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। ইরাঙ্গার হাফ ভলি উড়িয়ে মারতে গিয়ে সিমন্স ডিপ কাভারে ক্যাচ দিলেন থিরিমান্নের হাতে। আউট! ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ হেরেছে আরও পরে। কিন্তু পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই!
সিমন্সের পর ব্রাভোও গেলেন ৩৮তম ওভারে। ৪১ ওভারে ২৩০ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থেমে গেল ১৯০ রানে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৯ রানে জিতে ফাইনালে এক পা দিয়ে রাখল শ্রীলঙ্কা। ভারতের কাছে বোনাস পয়েন্টে কিংবা বড় ব্যবধানে না হারলে আগামীকাল এ মাঠেই ফাইনাল খেলবে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
বৃষ্টি আসেনি আর। কিন্তু আসতে পারে, এই আতঙ্কে সিমন্সের ওই উচ্চাভিলাষী শটেই ওয়েস্ট ইন্ডিজের আশার প্রদীপ নিভে গিয়েছিল। অথচ বৃষ্টির পর বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়, সেটা এর কিছুক্ষণ আগেই দেখিয়ে গিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। ১৯ ওভারে ৩ উইকেটে ৬০ রান নিয়ে দিনটা শুরু করেছিল শ্রীলঙ্কা। ৩২ ওভার শেষে আবারও বৃষ্টি। শ্রীলঙ্কা তখন ৪ উইকেটে ১২২, সাঙ্গাকারা ব্যাট করছেন ৪০ রানে। বৃষ্টি থামার পর ঠিক হলো, ম্যাচ হবে ৪১ ওভারের। বাকি সময়টা সাঙ্গাকারা এতটাই বিধ্বংসী হয়ে উঠলেন যে, শেষ ১০ ওভারে শ্রীলঙ্কা তুলল ১০৫ রান! ৯৫ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত সাঙ্গাকারা।
৪১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দেওয়া হয়েছিল ২৩০। কিন্তু ৩১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে কাইরন পোলার্ডের দল। সেখান থেকে ব্রাভো (৮৪ বলে ৭০) ও সিমন্সের (৭৮ বলে ৬৭) ঘুরে দাঁড়ানো। পোর্ট অব স্পেনের আকাশে ওই মুহূর্তে কালো মেঘ উঁকি না দিলে হয়তো ম্যাচটা তাঁরা জিতিয়েও দিতে পারতেন। তথ্যসূত্র: ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২১৯/৮ (সাঙ্গাকারা ৯০*, ম্যাথুস ৩০; রোচ ৪/২৭)। ওয়েস্ট ইন্ডিজ: ১৯০/৯ (ব্রাভো ৮৪, সিমন্স ৬৭; ম্যাথুস ৪/২৯, ইরাঙ্গা ৩/৪৬)

ফল: শ্রীলঙ্কা ডি/এল পদ্ধতিতে ৩৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কুমার সাঙ্গাকারা