বৃষ্টি নিয়ে ভাবনা
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর বৃষ্টি পরোয়া না করেই বারবার মাঠে ঢুকছেন, বেরোচ্ছেন। হাত দিয়ে আউটফিল্ডে একটু চাপ দিয়ে দেখছেন। কভারের কাছে গিয়ে দেখছেন, বৃষ্টির বিরুদ্ধে নিরাপত্তাটা যথেষ্ট আছে তো?সাংবাদিকেরা ভদ্রলোককে কাছে পেলেই প্রশ্ন করছেন, ‘কাল কি খেলা হবে?’ ভদ্রলোকও উদ্বিগ্ন মুখে আকাশের দিকে তাকিয়ে বলছেন, ‘সব এখন বৃষ্টির হাতে।’ আসলেই তাই। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচটা এখন বৃষ্টির হাতে!আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি আজও সদয় হবে না। ক্রিকইনফো বলছে, আজ ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিবিসির আবহাওয়া বিভাগের ভবিষ্যদ্বাণীও বলছে, ঢাকায় বজ্রপাতসহ বৃষ্টি হবে আজ! তবে মিরপুর স্টেডিয়ামের একটা সুবিধা আছে—মাঠটির পানিনিষ্কাশনব্যবস্থা খুবই ভালো। মাঠসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘আজ (গতকাল) রাতে বৃষ্টি না হলে আর আগামীকাল (আজ) রোদ উঠলে খেলা হওয়া খুব সম্ভব। ভারতের বিপক্ষে সিরিজে সারা রাত বৃষ্টি হওয়ার পরও ম্যাচ খেলা হয়েছে।’তবে ওই সূত্রটিই এবারের পরিস্থিতিকে কঠিন মনে করছে, ‘এবার পরিস্থিতি একটু অন্যরকম। দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। ফলে আউটফিল্ড খুব ভারী হয়ে গেছে। বৃষ্টি থামলে বোঝা যাবে, পরিস্থিতি কী হয়।’বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও তাকিয়ে আছেন বৃষ্টির দিকে, ‘বৃষ্টির ওপর তো কারও হাত নেই। দেখা যাক বৃষ্টি থামলে ম্যাচ আয়োজন করা যায় কি না। তবে আমরা পুরোপুরি প্রস্তুত আছি।’সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা ভালো কথা। কিন্তু যদি ম্যাচ না হয়? তাহলে যারা এরই মধ্যে এই দ্বিতীয় ম্যাচের টিকিট কিনে ফেলেছেন, তাদের কী হবে? বিসিবিও এ ব্যাপারে দ্বিধান্বিত। টিকিট ও আসন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিম বলছেন, ‘টিকিটে তো পরিষ্কার কিছু লেখা নেই এ ব্যাপারে। এই ম্যাচের টিকিট দিয়ে পরের ম্যাচ দেখার ব্যবস্থা করা হলেও সমস্যা। তাহলে পরের ম্যাচের যে টিকিট বিক্রি হয়েছে, তার কী হবে। ভালো উপায়, অর্থ ফেরত দিয়ে দেওয়া। কিন্তু বোর্ডের সঙ্গে কথা না বলে কিছু বলতে পারছি না। আগামীকাল (আজ) ম্যাচ না হলে দুপুরের দিকে জানানো সম্ভব হবে।’বৃষ্টি হলে আরও একটা ‘লোকসান’ আছে। প্রথম ম্যাচটি ভারত-অস্ট্রেলিয়া মোহালি টেস্টের জন্য সম্প্রচার করেনি নিও ক্রিকেট। আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নেই বলে এটি সম্প্রচার করার কথাই ছিল। কিন্তু তার আগে ম্যাচ তো হতে হবে!