বৃষ্টি বাগড়ায় জিতল নিউজিল্যান্ড

কোনো রকম পূর্বাভাস নেই। হঠাৎ চমকালো বিদ্যুত্। মুহূর্তেই আকাশ ভেঙে বৃষ্টি! বৃষ্টির এ বাগড়া একপ্রকার পয়মন্তই হলো ব্ল্যাক ক্যাপসদের। ইংল্যান্ডের গড়া ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোরটা খুব বেশি সময় তাড়া করতে হলো না। বলা চলে, ‘পায়ের ওপর পা তুলে’ই ৯ রানে জিতল নিউজিল্যান্ড! বোঝাই যাচ্ছে, জয়টা এসেছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে।
টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ তোলে ইংল্যান্ড। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল মঈন আলী। এ বাহাঁতির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৬। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার কিছুক্ষণ পরই আচমকা চমকে উঠল বিদ্যুত্। তারপর বৃষ্টি।
ডাকওয়ার্থ-লুইসে ম্যাচের ফল হওয়ার জন্য ৫ ওভার খেলা হতেই হবে। নিউজিল্যান্ড খেলল ৫.২ ওভার, তুলল ১ উইকেটে ৫২। সমীকরণে তখন এগিয়ে ব্ল্যাক ক্যাপসারাই। কারণ ৫.২ ওভারে যখন খেলা বন্ধ হলো, নিউজিল্যান্ড তখন এগিয়ে ৯ রানে। ডাকওয়ার্থ-লুইসের হিসাবে জিততে ব্যবধানটা যে যথেষ্ট!
ব্রেন্ডন ম্যাককালাম অপরাজিত ছিলেন ১৬ আর কেন উইলিয়াম ২৪ রানে। ম্যাচ সেরা ২ উইকেট নেওয়া কোরি অ্যান্ডারসন।