বৃষ্টি-বাধায় অভিনব প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাড়া-মহল্লার ক্রিকেটে অনেক সময় পুকুরে বল ফেললে ‘আউট’ হয়ে যেতে হয় ব্যাটসম্যানদের। কিংবা বল যদি গিয়ে পড়ে ঝোপ-ঝাড়ে, তাতেও আউট। মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনেকটা এ রকমই এক অভিনব ম্যাচ খেলতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফরের প্রস্তুতির অংশ হিসেবে দুই দিনের ম্যাচটি শুরু হবে আগামীকাল।ব্যাটসম্যানদের ভয় নেই, এখানে কোনো ‘নিষিদ্ধ এলাকা’ থাকছে না, যেখানে বল পাঠালে কাউকে আউট হতে হবে। তবে চার-ছক্কার জন্য হুক-পুল-কাট ছাড়া উপায় নেই। সোজা খেলে কেউ যত দূরেই বল উড়িয়ে নেন না কেন, ছক্কা মিলবে না। দুই পাশে অনেক জায়গা থাকলেও একাডেমি মাঠে যে উইকেটের লম্বালম্বি খুব বেশি জায়গা নেই! শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে উইকেট থেকে চারদিকেই ৭০ গজ করে পাওয়া গেলেও একাডেমি মাঠে উইকেটের দুই প্রান্তে আছে ৩৫ গজের সামান্য বেশি। তারপরও ম্যাচটা শেরেবাংলা স্টেডিয়ামে খেলা যাচ্ছে না সেখানে নতুন ঘাস লাগানো হয়েছে বলে। খেলার জন্য মাঠ প্রস্তুত হতে সময় লাগবে আরও। তবে জিম্বাবুয়ে যাওয়ার আগে ১৬ থেকে ১৯ জুলাই একটা চারদিনের ম্যাচ খেলার কথা সেখানেই।জিম্বাবুয়ে সফরের আগে সব প্রস্তুতি ম্যাচই আসলে খেলার কথা ছিল ফতুল্লা স্টেডিয়ামে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে সেখানে মাঠের অবস্থা শুধু খারাপই নয়, রীতিমতো শোচনীয় বলে জানা গেছে। ম্যাচ-ট্যাচ না থাকলে আলো-বাতাস লাগার জন্য হলেও উইকেটের কভার মাঝেমধ্যে সরাতে হয়। কিন্তু প্রস্তুতি ম্যাচের জন্য বৃষ্টির হাত থেকে বাঁচাতে গত কয়েক দিন টানা কভারের নিচে ছিল উইকেট ও আশপাশের অঞ্চল। তাতে কভারের নিচের ঘাস গেছে পচে। নষ্ট হয়ে গেছে ১১টি উইকেট। নতুন ঘাস লাগিয়ে মাঠ খেলার উপযুক্ত করতে করতে হয়তো জিম্বাবুয়ে সিরিজই শেষ হয়ে যাবে।বিকল্প হতে পারত বিকেএসপির মাঠও। কিন্তু একটু বৃষ্টিতেই সেখানে খেলা অসম্ভব হয়ে পড়ে, আর এ তো টানা বৃষ্টি! বিকেএসপির মাঠকেও তাই বাতিল করে দিতে হয়েছে প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যুর তালিকা থেকে। ক্রিকেট খেলার জন্য উপযুক্ত না হলেও বাধ্য হয়ে আয়তক্ষেত্রের মতো জিপি-বিসিবি একাডেমি মাঠেই খেলতে হচ্ছে প্রস্তুতি ম্যাচ। প্রথম ম্যাচটা খেলে যদি মনে হয় এমন অভিনব ক্রিকেট খেলেও ক্রিকেটাররা উপকৃত হচ্ছেন, তাহলে ১৩-১৪ তারিখে এই মাঠে হবে আরও একটা প্রস্তুতি ম্যাচ। দুই ম্যাচেই প্রতিদিন খেলা হবে ৯০ ওভার, দুই দল ব্যাটিং করবে এক ইনিংস করে। ৪৫ ওভার পর বদলানো হবে বল। অবশ্য খেলার দিন বৃষ্টি হলে পণ্ড হয়ে যেতে পারে একাডেমি মাঠের ম্যাচও।প্রস্তুতি ম্যাচের জন্য ক্যাম্পের খেলোয়াড়দের সঙ্গে ডাকা হচ্ছে একাডেমির চার পেসার আল আমিন, কামরুল ইসলাম, মোক্তার আলী ও আলাউদ্দিন বাবুকে। এ ছাড়া কাল ক্যাম্পে যোগ দিয়েছেন হালস্টিড ক্লাবের হয়ে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলে আসা পেসার সৈয়দ রাসেল।জিম্বাবুয়ে সফরের প্রস্তুতিতে ম্যাচ খেলাটাকেই প্রাধান্য দেওয়ার কথা ছিল শুরুতে। বৃষ্টির কারণে সে সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসায় হতাশ সহকারী কোচ সারোয়ার ইমরান, ‘ম্যাচ খেলার বা মাঠে অনুশীলন করার সুবিধা তো আর ইনডোরে পাওয়া যায় না। বৃষ্টির জন্য অনুশীলন ভালোভাবেই বাধা পাচ্ছে।’ওদিকে জিম্বাবুয়েতে কয়েক দিন আগে গিয়ে বাংলাদেশ একটি বাড়তি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইলেও কাল জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন জানিয়ে দিয়েছে, সেটি সম্ভব নয়। তার মানে সফরে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচ খেলবে একটিই। বিসিবির অনুরোধে অবশ্য ৩০ জুলাই থেকে শুরু তিনদিনের প্রস্তুতি ম্যাচটি চারদিনের করতে রাজি হয়েছে জিম্বাবুয়ে। তবে বাংলাদেশ দল ২৩ জুলাই যেতে চাইলেও জিম্বাবুয়ে ক্রিকেট বলছে সফরটা ২৬ জুলাই থেকে শুরু করলেই ভালো।