বৃষ্টি রেখে গেল কিছু আক্ষেপও!

দারুণ রোমাঞ্চের প্রতিশ্রুতি ছিল আজ ঢাকা টেস্টের শেষ দিনে। কিন্তু ছুটির দিনটা ভোর থেকেই গোমড়া। ঝিরিঝিরি বৃষ্টি সারা দিনই ভিজিয়ে গেছে ঢাকার পথঘাট। সেই সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠও। শেষ দিনে যেখানে মিরপুরে ব্যাটে-বলে দুই দলের চোয়ালবদ্ধ লড়াইয়ের কথা ছিল, নায়ক কিংবা খলনায়ক হওয়ার কথা ছিল অনেকের, সেখানে আজ বৃষ্টিই রাজত্ব করে গেল সারাটা দিন। পণ্ড হয়ে যাওয়া দিনের শেষে তাই ফলাফলে অমীমাংসাই রয়ে গেল ঢাকা টেস্ট। দিনের শেষে ট্রফিতেও ভাগযোগ করে হাত লাগালেন দুই অধিনায়ক মুশফিকুর রহিম আর ব্রেন্ডন ম্যাককালাম। এটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের টেস্ট সিরিজে সমতা। তবে টেস্ট সিরিজ ‘০-০’— এমন ব্যাপার এই প্রথম। টেস্টের ইতিহাসে কয়টি সিরিজ ‘০-০’ ড্র হয়েছে, সেটা খুঁজে বের করার জন্য আজ ক্রিকেট পরিসংখ্যানবিদেরা হয়তো ব্যস্ত সময় কাটাবেন।
পাঁচ দিনের দেড় দিনই খেয়ে দিয়েছে বৃষ্টি। তবে এই প্রথম বৃষ্টিটা টেস্ট ম্যাচ শেষে বাংলাদেশের জন্য ‘স্বস্তি’র কোনো বিষয় হয়ে আসেনি। বরং এই বৃষ্টিটা রেখে গেছে বেশ খানিকটা আক্ষেপই। গোটা টেস্ট সিরিজে বাংলাদেশের যে পারফরম্যান্স, তাতে ঢাকা টেস্ট রৌদ্রকরোজ্জ্বল হলে জয়ের স্বপ্নটা দেখতেই পারতেন বাংলাদেশের অধিনায়ক। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মুশফিকের কণ্ঠে আফসোসটা ছোট্ট এক দীর্ঘশ্বাস হয়ে বেরিয়েও এল। তবে আজ ছুটির দিনের সকালে যে আক্ষেপটা সবচেয়ে বড় হয়ে দেখা দিল সেটা হলো, ১২৬ রানে অপরাজিত থাকা মুমিনুল হক। দেড় শ-দুই শর ব্যাপারটি তো ছিলই, আর তিনটি রান করতে পারলেই বাংলাদেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের রেকর্ডটা নিজের করে নিতে পারতেন তিনি। কিন্তু শেষ দিনে বৃষ্টির আস্ফাালন তা হতে দেয়নি। তবে এ নিয়ে ব্যক্তি মমিনুলের কোনো আফসোস নেই। সংবাদ সম্মেলনে তাঁর নির্লিপ্ত উত্তর, ‘আজ খেলা হলে প্রথম বলেই তো ফিরে যেতে পারতাম!’
আরও একটা আফসোস এই টেস্ট রেখে গেল। সেটা অবশ্য তামিমকে ঘিরে। দুটো ইনিংসে অসম্ভব ভালো ব্যাটিং করা তামিম যদি একটা সেঞ্চুরি পেয়ে যেতেন! দ্বিতীয় ইনিংসে ৭০ তা-ও ঠিক আছে। প্রথম ইনিংসে পাঁচ রানের জন্য শতক মিস করার ব্যাপারটি ক্রিকেটপ্রেমীদের পোড়াবে আরও অনেক দিন। ব্যক্তি তামিমের কথা না হয় না-ই বলা হলো।
ঢাকা টেস্টের আক্ষেপগুলোকে এবার আনন্দ আর প্রাপ্তিতে বদলে নিন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৫৫ রানের লিড নেওয়ার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস যখন দুই উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে, ঠিক তখনই তামিম আর মমিনুলের ওই মহাকাব্যিক জুটির কথা ভাবুন। তামিমের ধৈর্য আর অধ্যবসায়ের ৭০ আর মমিনুলের ‘ক্ল্যাসিক’ অজেয় ১২৬। বাংলাদেশের ক্রিকেটের নিরন্তর এগিয়ে যাওয়ার ব্যাপারটি কী আবার প্রমাণ করে গেল না ঢাকা টেস্ট।
সাকিব আল হাসানের দশম পাঁচ উইকেট কীর্তি; বল হাতে তাঁর ছন্দে ফেরা—মাঠের ক্রিকেটের সাড়ে তিন দিনে আনন্দের যে রয়েছে অনেক উপলক্ষ। একটা সময় নিউজিল্যান্ড বাংলাদেশকে তিন-সাড়ে তিন দিনে হারাত। চট্টগ্রামের পর ঢাকা টেস্ট কি ওই ব্যাপারটিও বদলে দেওয়ার বার্তা দিয়ে গেল না !