বৃষ্টিই খেলল চতুর্থ দিনে

সিরিজ হারটা আগেই নিশ্চিত হয়ে গেছে। শেষ টেস্টটা জিতে হয়তো কিছুটা সান্তনাই পেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। কিন্তু বৃষ্টিতেই ধুয়ে গেছে সফরকারীদের সেই স্বপ্নটা। আজ চতুর্থ দিন পুরোটাই পণ্ড হয়েছে বৃষ্টির কারণে।
প্রথম ইনিংসে ৪৯২ রানের বড় সংগ্রহ গড়ে শেষ টেস্টটায় জয়ের আশাই দেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু গতকাল তৃতীয় দিনে ইংল্যান্ডের ব্যাটিং দেখে পরিস্কারই বোঝা গেছে যে, ড্রয়ের উদ্দেশ্যেই খেলছে তারা। মন্থর ব্যাটিং করে স্কোরবোর্ডে যোগ করেছে মাত্র ২৪৭ রান। উইকেট হারিয়েছে চারটি। রান সংগ্রহের গতি ওভারপ্রতি ২.১২। ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক হয়তো শেষ টেস্টটাতে কোনোভাবেই হারের মুখ দেখতে চাননি। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে ইংলিশ ব্যাটসম্যানরা ধৈর্য্যশীল ব্যাটিং করে গিয়েছিলেন গতকাল তৃতীয় দিনে। আর আজ বৃষ্টির কারণে খেলা না হওয়ায় অস্ট্রেলিয়া হতাশায় পুড়লেও ইংলিশ শিবির হয়তো উল্লাসই করেছে।
অ্যাশেজ সিরিজের এই শেষ টেস্টটা যে ড্রয়ের পথেই অনেকখানি এগিয়ে গেছে, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। আগামীকাল পঞ্চম দিনে শেষপর্যন্ত যদি তেমনটাই হয় তাহলে বেশ লজ্জাতেই পড়তে হবে অস্ট্রেলিয়াকে। ১৯৭৭ সালের পর এবারই প্রথমবারের মতো একটিও টেস্ট না জিতে অ্যাশেজ সিরিজ হারের স্বাদ পাবে মাইকেল ক্লার্কের দল।