বৃষ্টিই বাঁচাল ইংল্যান্ডকে
প্রথম ম্যাচে ১৯১ রান করেও হেরেছিল ইংল্যান্ড। বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমে এসে সহজ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাজটা। ওই ম্যাচের পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক পল কলিংউড।এক দিন পরই সেই বৃষ্টিই বাঁচিয়ে দিল ইংল্যান্ডকে। সুপার এইটে যেতে হলে জিততেই হবে—এই সমীকরণের সামনে দাঁড়িয়ে কাল ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। কিন্তু প্রথমে ব্যাট করে তারা রান তুলেছিল মাত্র ১২০। লক্ষ্যটা সহজই ছিল আইরিশদের জন্য। কিন্তু টানা দ্বিতীয়বার সুপার এইটে যাওয়া হলো না তাদের। আয়ারল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ৩.৩ ওভার। কমপক্ষে ৫ ওভার খেলা হতে হবে ফলাফলের জন্য। সেটি না হওয়ায় ১ পয়েন্ট করে পেয়েছে দু দল। সমান পয়েন্ট থাকার পরও নেট রান রেটে এগিয়ে থাকায় বেঁচে গেল ইংল্যান্ড। ‘ডি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়ে সুপার এইটে গেল কলিংউডের দলই।কাল প্রথম ম্যাচটিও বৃষ্টিবিঘ্নিত। জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ রানে হারিয়ে সুপার এইটে উঠে গেছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়েকে খালি হাতে ফিরতে হচ্ছে দেশে। প্রথমে ব্যাট করে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৮.১ ওভারে নিউজিল্যান্ড এক উইকেট হারিয়ে তোলে ৩৬ রান। ২২ রানে অপরাজিত ব্রেন্ডন ম্যাককালাম টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন এক হাজার রান, পূর্ণ করেছেন বাউন্ডারির সেঞ্চুরিও। এই অবস্থায় আর খেলাই হয়নি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতে ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডও উঠে গেছে সুপার এইটে। ১ উইকেটে ৫৮ থেকে ১১ বলের মধ্যে জিম্বাবুয়ে হয়ে যায় ৬ উইকেটে ৬৩। শেষ ৯ উইকেট পড়েছে মাত্র ২৬ রানে। দু দফায় এক ওভারে তিন উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। ইনিংসের নবম ওভারে তিন উইকেট নিয়েছেন নাথান ম্যাককালাম, ১৩তম ওভারে স্কট স্টাইরিস। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১২০/৮ (মরগ্যান ৪৫, রাইট ২০; ও’ব্রায়ান ২/২২, র্যানকিন ২/২৫)। আয়ারল্যান্ড ৩.৩ ওভারে ১৪/১। ফল: ম্যাচ পরিত্যক্ত।জিম্বাবুয়ে: ১৫.১ ওভারে ৮৪/১০ (টাইবু ২১, মাসাকাদজা ২০, ল্যাম্ব ১৪*, স্টাইরিস ৩/৫, নাথান ম্যাককালাম ৩/১৬, ভেট্টোরি ২/১০, সাউদি ১/১৮)। নিউজিল্যান্ড: ৮.১ ওভারে ৩৬/১ (ম্যাককালাম ২২*; উতসেয়া ১/২১)। ফল: নিউজিল্যান্ড ৭ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)।