বৃষ্টিই ভালো ছিল!
আবহাওয়ার পূর্বাভাস এখানে ঠিক ঠিক মিলে যায়। ইলশেগুঁড়ি বৃষ্টিতে সকালে খেলা শুরু না হলেও পূর্বাভাস বলছিল, দুপুরের পর রোদ উঠবে। নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা ২০ মিনিট পর খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়া গেল সেই রোদ। সকালের বিষণ্নতা কাটিয়ে সূর্যের আলোয় হেসে উঠল লর্ডস।কিন্তু লর্ডসের এই হাসি যে কেড়ে নিল বাংলাদেশের আগের দিনের হাসিটাই! সকালের বৃষ্টির পর শেষ বেলায় আলোকস্বল্পতার কারণেও খেলা থেমেছে দুবার, তৃতীয়বার তো বেলসই তুলে ফেললেন আম্পায়াররা। তার পরও তৃতীয় দিনে যে ২৮.৫ ওভার খেলা হলো, তাতেই ৬৫ রান করতে বাংলাদেশকে হারাতে হয়েছে ৫ উইকেট। আগের দিনের ২ উইকেটে ১৭২ রান নিয়ে খেলতে নেমে কাল বাংলাদেশের দিন শেষ হয়েছে ৭ উইকেটে ২৩৭ রান করে। ফলোঅন এড়াতে আরও লাগবে ৬৯ রান। সকাল থেকে সবাই খেলা শুরুর অপেক্ষায় থাকলেও দিনশেষের স্কোরবোর্ড দেখে মনে হচ্ছিল বৃষ্টিটাই বুঝি ভালো ছিল!ব্যাটিং বিপর্যয়ের পেছনে সিমিং কন্ডিশনে ব্যাটসম্যানদের অনভ্যস্ততা যেমন দায়ী, দায়ী আম্পায়ার অশোকা ডি সিলভাও। ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় হাত-পা গুটিয়ে রাখাটাই আরামের, কিন্তু অশোকার আঙুল তোলা থামানোর সাধ্যি কার? স্টিভেন ফিনের এলবিডব্লুর আবেদনে মোহাম্মদ আশরাফুলকে ভুল আউট দিয়ে বাংলাদেশের তৃতীয় দিনটা নষ্ট করে দেওয়ার অর্ধেক দায়দায়িত্ব তাঁকেই নিতে হবে।বাকি অর্ধেক অবশ্যই বাংলাদেশি ব্যাটসম্যানদের, অথবা স্টিভেন ফিন-জেমস অ্যান্ডারসনেরও বলতে পারেন। দিনের চতুর্থ ওভারে অফ স্টাম্পের বাইরে ফিনের বাউন্সারে ব্যাট উঁচিয়েও সেটা সরিয়ে নিতে চেয়ে উইকেটকিপারের কাছে ক্যাচ দিলেন জুনায়েদ। দ্বিতীয় দিনে করা ৫৩ রানের সঙ্গে আর মাত্র ৫ রানই কাল যোগ করলেন তিনি। সঙ্গী জহুরুলের পরিণতিও প্রায় একই রকম। তবে ফিন নন, উইকেটকিপার ম্যাট প্রিয়রের ক্যাচ বানিয়ে তাঁকে ফেরত পাঠিয়েছেন আরেক পেসার জেমস অ্যান্ডারসন।জুনায়েদ-জহুরুল আউট মুভমেন্টের কাছে হেরে, কিন্তু উইকেটে এসে দ্বিতীয় বলেই ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ফিনকে বাউন্ডারি মেরে আত্মবিশ্বাসের জানান দেওয়া আশরাফুল হয়েছেন অশোকার ভুলের শিকার। ৫৯তম ওভারে ফিনের যে বলে তাঁকে এলবিডব্লু দেওয়া হলো, টেলিভিশন রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, বলটা ছিল স্টাম্পের অনেক ওপরে, মিস করে যাচ্ছিল লেগ স্টাম্পও। কিন্তু অশোকার দৃষ্টি অতটা নিখুঁত কবে ছিল! তবে মাঠ ছাড়ার সময় আশরাফুলের অসন্তুষ্টিটা নিশ্চয়ই দেখে থাকবেন এই শ্রীলঙ্কান।বৃষ্টিতে দিনের অর্ধেকই ধুয়ে যাওয়ার পর তৃতীয় দিনটা সহজে পার করে দেওয়ার চেষ্টা করতে পারত বাংলাদেশ। কিন্তু প্রথম ১৯ রান যোগ করতেই ৩ উইকেট হারানোয় সেটা আর হলো না। ষষ্ঠ উইকেটে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ৩০ রানের জুটিতে কিছুটা সময় ক্ষেপণ হলেও এই দুই ব্যাটসম্যানই ড্রেসিংরুমে ফিরেছেন দিন শেষ হওয়ার আগে। সাকিব ক্যাচ দিয়েছেন অ্যান্ডারসনকে, মুশফিকুর বোল্ড ফিনের বলে। ৭৫ রানে ৪ উইকেট নেওয়া ফিন আর একটা উইকেট পেলেই নাম উঠিয়ে ফেলবেন অনার্স বোর্ডে।