বৃষ্টিতে অবাক টেলরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ড্রেসিংরুমের সামনে পর্যন্ত চলে গেলেন সাংবাদিকেরা। ক্যামেরা তাক করে ফুটেজ নেওয়া চলল অনেকক্ষণ। জিম্বাবুয়ের খেলোয়াড়েরা স্বাগতই জানালেন মনে হলো। কোনো প্রতিবাদ আসল না।আগের রাতে শুরু হওয়া বৃষ্টিটা তখনো ঝিরিঝিরি চলছে। হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেট ও আউটফিল্ডের ৩০ গজের মতো ঢাকা পড়ে আছে। মাঠে ইনডোর অনুশীলনের ব্যবস্থা না থাকায় কিছুক্ষণ অপেক্ষা করে জিম্বাবুয়ে দলের খেলোয়াড়েরা চলে গেলেন কান্ট্রি ক্লাবের ভাড়া করা ইনডোরে। যাওয়ার আগে ব্রেন্ডন টেলরের বিস্ময়—এই সময়ে বৃষ্টি হচ্ছে কেন! ‘সাধারণত মার্চের মধ্যেই এখানে বৃষ্টি-টিষ্টি শেষ হয়ে যায়। আমি তাই অবাকই হচ্ছি। তবে এটা তো আমার-আপনার হাতে না। অনুশীলন একটু বিঘ্নিত হলেও মনটাকে আগামীকালের (আজ) জন্য প্রস্তুত রাখতে হবে’—বলছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক।প্রথম টেস্টের পর চার দিন বিরতি, আজ সেই হারারে স্পোর্টস ক্লাব মাঠেই শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বৃষ্টি অবশ্য বাড়তি একটা দুশ্চিন্তা। যেটি আরেকটা শঙ্কাও জাগাচ্ছে। সিমিং কন্ডিশন প্রথম টেস্টের চেয়েও বেশি বিপদে ফেলতে পারে ব্যাটসম্যানদের। সপ্তাহজুড়েই বৃষ্টির পূর্বাভাস দেখে টেলরও সেই সম্ভাবনা বা শঙ্কার কথা জানিয়ে দিলেন। প্রথম টেস্টে বিশাল জয়ের আনন্দ অবশ্য মন থেকে মুছে ফেলেছেন বলেই মনে হলো, ‘একটা টেস্টে দাপুটে জয় পেলে পরের টেস্টে সেটির একটা প্রভাব তো থাকেই। তবে আমরা মোটেই আত্মতৃপ্তিতে ভুগছি না। ভালো করেই জানি, ওদের দলে দারুণ সব বোলার ও ব্যাটসম্যান আছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, ওদের কখনো আধিপত্য বিস্তার করতে না দেওয়া, সেটি করে ফেললে ওদের হারানো খুব কঠিন।’জিম্বাবুয়েতে এবার দুটি টেস্টই হারারে স্পোর্টস ক্লাব মাঠে। উইকেট এখানে অনেক বেশি পেস সহায়ক হলেও তাতে একটা উপকার হয়েছে বাংলাদেশ দলের—দ্বিতীয় টেস্টের আগে নতুন করে উইকেট চেনার দরকার হচ্ছে না। যদিও একই মাঠে দুই টেস্ট হওয়ায় নিজেদের সুবিধাটাই বেশি দেখছেন টেলর, ‘এখানকার কন্ডিশনের সঙ্গে আমরাই বেশি অভ্যস্ত। কাজেই সুবিধাটাও আমাদেরই পাওয়ার কথা।’ তবে বুলাওয়ের উইকেটের কথা চিন্তা করে ওয়ানডে সিরিজের আগেই চিন্তার ভাঁজ পড়ছে স্বাগতিক অধিনায়কের কপালে, ‘বুলাওয়েতে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলাটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিংই হবে। ওখানকার উইকেট অতটা বাউন্সি না, বল অনেক টার্নও করে। বাংলাদেশ দলের স্পিনারদের খেলাটা সেখানে কঠিন হবে।’অবশ্য বাংলাদেশের বোলারদের খেলতে টেলরের নিজের খুব বেশি সমস্যা কখনোই হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে তো বাংলাদেশের বিপক্ষে নিয়মিতই খেলেন, বিপিএলে খেলার সৌজন্যেও বোলারদের তাঁর ভালো চেনা। কাজে লাগাচ্ছেন সে অভিজ্ঞতাই, ‘এমন নয় যে আমি বোলারদের খুব শাসন করে খেলি। আমার সৌভাগ্য, বাংলাদেশের খেলোয়াড়দের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএলেও অনেক ম্যাচ খেলেছি। তাদের সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তবে সবকিছুর পর ভালো প্রস্তুতি, কঠোর অনুশীলন আর খেলার মাঠে আপনি কতটা শক্ত থাকতে পারলেন, সেটাই বড় কথা।’শেষ কথাটার সবচেয়ে বড় উদাহরণ বোধ হয় ব্রেন্ডন টেলর নিজেই।