রোমাঞ্চকর লড়াইয়ের ক্ষেত্র ছিল প্রস্তুত। সময়ের সঙ্গে বাড়ছিল ম্যাচের উত্তেজনা। সবকিছুতে জল ঢেলে দিল বেরসিক বৃষ্টি। চতুর্থ দিনে খেলা হতে পারল মাত্র ৩০.৪ ওভার। পোর্ট অব স্পেন টেস্ট নিয়ে যাবতীয় আগ্রহেরও তাই প্রায় সমাপ্তি। অথচ দারুণ লড়াইয়ের ইঙ্গিত ছিল চতুর্থ দিনের শুরুতেই। ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটটি তুলে নিতে অস্ট্রেলিয়ার লাগে মাত্র চার বল। কার্লটন বাফকে এলবিডব্লু করে দলকে ৫৪ রানের লিড এনে দেন মাইকেল বিয়ার। উইকেট বিবেচনায় লিডটা বেশ বড়। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সঙ্গে কেমার রোচের দুরন্ত লড়াই হয়েছে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে যেন আরও খুনে রোচ। আক্রমণে এসে প্রথম ওভারেই ফেরান ডেভ ওয়ার্নার ও শেন ওয়াটসনকে। দুজনই গতিতে পরাভূত। স্লিপে ক্যাচ ওয়ার্নার, খানিকটা নিচু হয়ে যাওয়া বলে স্টাম্প উপড়ে যায় ওয়াটসনের। সবচেয়ে মুখরোচক লড়াইটা এরপরই—পন্টিং বনাম রোচ। লড়াইটা জমতে না-জমতেই প্রথম দফা বৃষ্টির হানা, স্থানীয় সময় সোয়া ১১টায়। ১২টা ৫০ মিনিটে আবার খেলা শুরু, শুরু এই দ্বৈরথেরও। এদিন অবশ্য পরীক্ষায় প্রাথমিকভাবে উতরে গেছেন পন্টিং। থিতু হয়ে যাওয়া এড কাওয়ানকে ফেরালেও প্রিয় শিকারকে আপাতত ধরতে পারেননি রোচ। পন্টিংয়ের ব্যাটেও ছিল সিরিজে প্রথমবার বড় কিছু দেওয়ার ইঙ্গিত। কিন্তু দুপুর দেড়টার দিকে আসা বৃষ্টিতে ভেস্তে যায় দিনের খেলা। সেই সঙ্গে ম্যাচের যাবতীয় উত্তেজনাও। ওয়েবসাইট। সর্বশেষপ্রথম টেস্টে শেষ দিনের নাটকীয়তায় হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কাল অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬০ রান তুলে ইনিংস ঘোষণার পর ছিল তারই পুনরাবৃত্তির আভাস। ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকেরা ১৩ রানেই হারিয়েছে দুই ওপেনারকে। নিজেকে ব্যাটিং অর্ডারের তিনে উঠিয়ে আনা স্যামি যোগ্য অধিনায়কের মতোই অবশ্য হাল ধরেছেন। ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ৫৩ রান করার পরই শুরু হয় বৃষ্টি। শেষ দিনের খেলায় বাকি ছিল ৫০ ওভার।