বৃষ্টিতে ধুয়ে গেল সব উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতে পারত রুদ্ধশ্বাস এক সমাপ্তি। দক্ষিণ আফ্রিকার ২১৯ রান টপকে জিতে গেলে হতো রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। ভারতীয়রা এগোচ্ছিলও সেদিকে। কোনো উইকেট না হারিয়েই দুই ওপেনার গৌতম গম্ভীর (৪৯*) ও রবিন উথাপ্পা (১৮*) মিলে তুলে ফেলেছিলেন ৭১ রান। সেটাও মাত্র ৭.৫ ওভারে। কিন্তু সব উত্তেজনায় জল ঢেলে দিল প্রকৃতি। আকাশভাঙা বৃষ্টিতে খেলা শেষ ওই খানেই। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ রানে জিতে গেল দক্ষিণ আফ্রিকা।পরশু জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শেষ পর্যন্ত হতাশ হলো দর্শকেরা। এই হতাশ দর্শকদের একজন দক্ষিণ আফ্রিকান রাষ্ট্রপতি জ্যাকব জুমা। ‘প্রচণ্ড হতাশ’ জুমাও উত্তেজনাকর সমাপ্তির প্রত্যাশায় ছিলেন, ‘আমি আজ (শুক্রবার) ক্রিকেটারদের মাঝে উত্তেজনা দেখেছি। রোমাঞ্চকর এক সমাপ্তির দিকেই যাচ্ছিল ম্যাচটি।’এর আগে টস হেরে ব্যাট করা স্বাগতিকেরা ২০ ওভারে করেছিল ৪ উইকেটে ২১৯ রান। ওভারপ্রতি প্রায় ১১ রান! টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ৭৮ রান করেছিলেন কলিন ইনগ্রাম। জ্যাক ক্যালিসের সম্মাননা ম্যাচে ক্যালিসও পেয়েছেন ফিফটি। ৬১ রান করা ক্যালিস ইনগ্রামকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ১১৯ রান। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যবহার করেছেন আটজন বোলার। ৪ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন সুরেশ রায়না।মাত্র একটি ম্যাচ খেলতে দীর্ঘ বিমানযাত্রার ধকল সয়ে জোহানেসবার্গে আসা ভারতীয়রা খেলতে পারল মাত্র ২৭.৫ ওভার। প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে আসা ভারতের কাউকেই মন্তব্যের জন্য পাওয়া যায়নি ম্যাচ শেষে। অন্যদিকে মাত্রই নিউজিল্যান্ড সফর শেষ করে আসা দলের মাত্র দুজনই ছিলেন প্রোটিয়া দলে—জ্যাক ক্যালিস ও লনওয়াবে সতসোবে। ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও নাকি এই ম্যাচের অধিনায়ক ইয়োহান বোথা জানতেন না তিনি কাদের নিয়ে খেলতে নামছেন। তবে ম্যাচ শেষে নিজেদের ব্যাটসম্যানদের পাশাপাশি তাঁর কণ্ঠে ভারতের প্রশংসাও ঝরেছে। তাঁর দৃষ্টিতে, বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ম্যাচটা পুরোপুরিই সাম্যাবস্থায় ছিল। ভারতের দুই ওপেনারের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বোথা।ওদিকে অর্থহীন এক ম্যাচের মাধ্যমে জ্যাক ক্যালিসকে যেভাবে সম্মান জানাল দক্ষিণ আফ্রিকা, সেটা তাঁর জন্য অসম্মানই হয়েছে বলে মন্তব্য করেছে ক্রিকইনফো। এএফপি, ক্রিকইনফো।