বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল্লেকেলের বৃষ্টি শেষ হতে দেয়নি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। অধিনায়ক হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুজের প্রথম অ্যাসাইনমেন্টও তাই নিষ্ফলা। ম্যাচের শুরুতেই বৃষ্টি হানা দেওয়ায় খেলাটির দৈর্ঘ্য কমিয়ে ১৪ ওভারের করা হয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে নিউজিল্যান্ডকে ভালোই বিপদে ফেলে দেয় শ্রীলঙ্কা। টপ অর্ডারের চরম ব্যর্থতার মুখে টিম সাউদির ২১, অ্যান্ড্রু এলিসের ১৬ ও জ্যাকব ওরামের ১০ রানের ওপর ভর করে ১৪ ওভারে ৭ উইকেটে ৭৪ রান তোলে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকেরা ও আকিলা দানাঞ্জায়া—প্রত্যেকেই দুটি করে উইকেট দখল করেন। জবাবে শ্রীলঙ্কার ব্যাটিং শুরু হওয়ার দুই ওভারের মাথায় আবার বৃষ্টি নামলে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। শ্রীলঙ্কার স্কোর তখন ছিল বিনা উইকেটে ৬। আগামী বৃহস্পতিবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে এই দুই দল। রয়টার্স।