বৃষ্টিতে পিছিয়ে গেল জাতীয় ক্রিকেট লিগ
জাতীয় লিগ শুরু হওয়ার কথা ছিল ২৯ সেপ্টেম্বর। কিন্তু বাগড়া দিয়েছে বৃষ্টি। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হওয়া গত কয়েক দিনের বৃষ্টিতে মাঠ যথাসময়ে প্রস্তুত না হওয়ায় লিগ পিছিয়ে এখন শুরু হবে ৪ অক্টোবর থেকে। পরিবর্তিত ফিকশ্চার পরে জানানো হবে।যশোর, রাজশাহী, বগুড়া ও বিকেএসপি—জাতীয় লিগের প্রথম পর্বের খেলা এই চার ভেন্যুতে। সেভাবে ২৯ সেপ্টেম্বর থেকে লিগ শুরু ধরে ফিকশ্চারও দিয়ে দিয়েছিল বিসিবির টুর্নামেন্ট কমিটি। কিন্তু কাল জানানো হয়েছে, মাঠ প্রস্তুত নয় বলে লিগ শুরুর নতুন তারিখ ৪ অক্টোবর। জাতীয় লিগ পাঁচ দিন পেছালেও সেটা ঘরোয়া ক্রিকেটের বর্ষপঞ্জিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন। তার ওপর কাল সিসিডিএমের সভায় প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেট ২৭ নভেম্বর থেকে পিছিয়ে ২ ডিসেম্বর শুরু করার সিদ্ধান্ত হওয়ায় কাজটা আরও সহজ হলো টুর্নামেন্ট কমিটির জন্য। প্রিমিয়ার লিগের দলবদল হওয়ার কথা ৬ ও ৭ নভেম্বর আর লিগ শুরুর সম্ভাব্য তারিখ ১৮ ডিসেম্বর।