বৃষ্টিতে বদলাতে হলো ভেন্যু
বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডে একমাত্র টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেটা। এবার এই বৃষ্টির জন্যই বদলে গেল দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের ভেন্যু। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কাল ম্যাচ দুটিকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে পাল্লেকেলেতে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। আগামীকাল দ্বিতীয় ও মঙ্গলবার হওয়ার কথা তৃতীয় ওয়ানডেটি। টানা তিন সপ্তাহের বৃষ্টিতে প্রেমাদাসা স্টেডিয়াম পরিণত হয়েছে জলাধারে। সে কারণেই এ সিদ্ধান্ত। স্টেডিয়ামের পার্শ্ববর্তী একটি হ্রদের পানি উপচে ঢুকে পড়েছে স্টেডিয়ামে। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে পাল্লেকেলেতেও। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে দ্বিতীয় ওয়ানডের সময় পাল্লেকেলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা প্রবল। চতুর্থ ও পঞ্চম ওয়ানডে যথাসময়েই হওয়ার কথা দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর হাম্বানটোটায়। শ্রীলঙ্কায় এর আগে নভেম্বর মাসে হওয়া সর্বশেষ সিরিজটিও ভুগেছিল বৃষ্টিতে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হওয়া তিনটি টেস্টই বৃষ্টির কবলে পড়ে ড্র হয়েছিল। ওয়ানডে সিরিজটা সরিয়ে নিতে হয়েছিল পরের বছরের জানুয়ারিতে। এএফপি, রয়টার্স।