বৃষ্টিতে ভেসে গেল প্রথম ওয়ানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি কখনো কখনো আশীর্বাদ হয়েও আসে। কাল হাম্বানটোটায় নামা বৃষ্টিটাও বোধ হয় বাঁচিয়ে দিল নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে কাইল মিলসের দলের কাঁধে শ্রীলঙ্কা চাপিয়ে দিয়েছিল ২৮৮ রানের বোঝা। ১৩ রানে ১ উইকেট হারানোর পর সেই রান তাড়া করা কঠিনই ছিল নিউজিল্যান্ডের জন্য। কিন্তু বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে সে চ্যালেঞ্জটা আর নিতে হলো না তাদের।

বাংলাদেশের বিপক্ষে সদ্য ধবলধোলাই হওয়া নিউজিল্যান্ডের শ্রীলঙ্কা সফরের দলটি আরও কম শক্তির। সিরিজে যাঁর নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেই কেন উইলিয়ামস তো চোটের কারণে বাংলাদেশের সিরিজটাই শেষ করতে পারেননি। তাঁর সঙ্গে শ্রীলঙ্কা সিরিজের দলে নেই ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেলরও। কোনো রকমে জোড়াতালি দিয়ে গড়া দলের জন্য ২৮৯ রানের চ্যালেঞ্জটা পাহাড়সমই ছিলই।

সেজন্যই মিলসের দলের বৃষ্টিটাকে ধরতে হবে আশীর্বাদস্বরূপ। ওই লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪.২ ওভারে ১ উইকেটে ১৩ রান করার পরই নামে বৃষ্টি। এর প্রায় দুই ঘণ্টা পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

টস জিতে বোলিং নেওয়া মিলস ম্যাচের প্রথম বলেই নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন করুনারত্নকে ফিরিয়ে দিয়ে। কিন্তু কিউইদের সেই হাসি মুছে দিয়ে দিলশান-সাঙ্গাকারা দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ১৩৭ রানের জুটি। ৭৯ রান করে সাঙ্গাকারা ফিরে গেলেও দিলশান আউট হয়েছেন দলকে দুই শ রানের কাছাকাছি পৌঁছে দিয়ে। বাকিদের নিয়ে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস (৭৪*) দলকে নিয়ে যান ওই উচ্চতায়। কিউইদের শুরুটাও হয়েছিল প্রথম ওভারেই ডেভচিচের উইকেট হারিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৮/৯ (দিলশান ৮১, সাঙ্গাকারা ৭৯, জয়াবর্ধনে ১, ম্যাথুস ৭৪*, কুলাসেকারা ১২, সেনানায়েকে ১৪; মিলস ৩/৪৯, ম্যাকলেনাহান ২/৭৪, ডেভচিচ ২/৩৩, নাথান ১/৩৮, অ্যান্ডারসন ১/৩২)। নিউজিল্যান্ড: ৪.২ ওভারে ১৩/১ (লাথাম ৪*, নিকোল ১*; মালিঙ্গা ১/৮, কুলাসেকারা ০/৩)।