বৃষ্টিতে ভেসে গেল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাক্সওয়েল-বেইলির জুটিটাই বড় সংগ্রহ এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ছবি: বিসিসিআই
ম্যাক্সওয়েল-বেইলির জুটিটাই বড় সংগ্রহ এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ছবি: বিসিসিআই

জর্জ বেইলি, নাকি গ্লেন ম্যাক্সওয়েল? দুজনের মধ্যে কার দুঃখটা যে বেশি, বলা মুশকিল। দুজনই পুড়ছেন সেঞ্চুরি পেতে পেতে হারিয়ে ফেলার কষ্টে। বেইলি করেছেন ৯৮, ম্যাক্সওয়েল ৯২!

তবে ব্যক্তিগত অপ্রাপ্তিটুকু মুছে ফেললে তৃপ্তির হাসি চওড়াই হওয়ার কথা এই দুজনের। দুজনই যে দলকে টেনে তুলেছেন খাদ থেকে। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া যে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৯৫ করল, মূলত এই দুজনের সৌজন্যেই। পঞ্চম উইকেটে ১৫৩ রানের জুটি গড়ে দলকে বিপদের মুখ থেকে উদ্ধারই করেননি, দাঁড় করিয়ে দিয়েছিলেন আরও বড় স্কোরের সামনে।

ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজটায় ব্যাটসম্যানদের জমজমাট লড়াই-ই হচ্ছে। দ্বিতীয় ওয়ানডেতে ৩৫৯ রান করেও রক্ষা হয়নি অস্ট্রেলিয়ার। গত ম্যাচেই আবার ৩০৩ রান করেও হেরেছে ভারত। এ ম্যাচে ভারত বিনা উইকেটে ২৭ রান তুলে প্রস্তুতি নিচ্ছিল সে রকমই আরেকটি লড়াইয়ের। কিন্তু তাতে বাদ সাধল প্রকৃতি। বৃষ্টিতে ভেসে গেল সিরিজের চতুর্থ ম্যাচটা।

তবে ধোনি নিশ্চয়ই দলের বোলিং আক্রমণ নিয়ে নতুন করে ভাববেন। ৩২ রানেই অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছিল ভারত। গত ম্যাচে এক ওভারে ৩০ রান দিয়ে ভারতকে হারতে বিশেষ ভূমিকা পালন করায় এ ম্যাচে বাদ পড়েছেন ইশান্ত শর্মা। দলে সুযোগ পেয়েই বাংলার উঠতি পেসার মোহাম্মদ শামি এনে দিয়েছিলেন দারুণ এই শুরু। তিনটা উইকেটই ছিল তাঁর।

এরপর অশ্বিন অ্যাডাম ভোজেসকে ফিরিয়ে দিলে আরও বড় বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকেই দলকে টেনে তোলে বেইলি-ম্যাক্সওয়েল জুটি। শুধু তা-ই নয়, এক সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া বুঝি টানা চতুর্থ ম্যাচে ৩০০ পেরিয়ে যাবে। ৩৭ ওভার শেষে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ২২৪।

কিন্তু তিন ওভারের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলায় গতি ব্যাহত হয়। নিজের দোষেই সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে আউট হন বেইলি, বিনয় কুমারকে পুল করতে গিয়ে। পরের ওভারে ফেরেন হাডিনও। তার পরের ওভারে অধিনায়ক বেইলিকে অনুসরণ করে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে ফেরেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া অবশ্য শেষ তিন ওভারে ৩১ রান তুলে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিয়েছে।