বৃষ্টিতে শেষ সব রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার-চারটি একঘেয়ে দিনের পর পঞ্চম দিনে এসে হঠাৎই দারুণ রোমাঞ্চ জাগল পোর্ট অব স্পেনে। আরেকটি রুদ্ধশ্বাস পরিসমাপ্তির উত্তেজনায় নড়েচড়ে বসেছিল দর্শকেরা। টানা ষষ্ঠ টেস্ট জিততে মরিয়া মাইকেল ক্লার্কের হঠাৎ ইনিংস ঘোষণাতেই প্রাণ ফিরল মরা ম্যাচে। প্রতিপক্ষ অধিনায়ক ড্যারেন স্যামিও দিলেন পাল্টা চমক। কিন্তু এত উত্তেজনা বোধহয় সইতে পারছিল না প্রকৃতি। আক্ষরিক অর্থেই সব উত্তেজনায় জল ঢেলে ম্যাচ পণ্ড করে দিল বৃষ্টি। ম্যাচ হয়ে গেল ড্র। তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে থেকে ফ্রাঙ্ক ওরেল ট্রফি ধরে রাখাটা নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার। ত্রিনিদাদের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিট যখন বৃষ্টি নামল, ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৫০ ওভারে ১৬২ রান। ২১৫ রানের লক্ষ্যে ছোটার জন্য হাতে পেয়েছিল কমপক্ষে ৬১ ওভার। ১১ ওভারেই ২ উইকেটে ৫৩ তুলে ফেলার পরই প্রকৃতির বেয়াড়াপানা। জয়ের জন্যই ব্যাট করছিলেন নিজেকে তিনে উঠিয়ে আনা অধিনায়ক স্যামি। ২৬ বলে ৩০ রান করেও ফেলেছিলেন। আরেক প্রান্তে ড্যারেন ব্রাভো অপরাজিত ছিলেন ৮ রানে।এর আগে ৮ উইকেটে ১৬০ রান তুলে হঠাৎই ইনিংস ঘোষণা করেন ক্লার্ক। ৩ উইকেটে ৭৩ নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া পরশু ৩২ ওভারে যোগ করেছিল ৮৭ রান। সর্বোচ্চ ৪১ রান করেন রিকি পন্টিং। মাইকেল হাসি ও হিলফেনহসকে আউট করে ম্যাচে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পান কেমার রোচ। ম্যাচের দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়া ১৭তম ক্যারিবীয় বোলার এখন রোচ।স্যামির ব্যাটিং কি একটু ভয় পাইয়ে দিয়েছিল ক্লার্ককে? মোটেই না। অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন ঝুঁকি নিতেই ভালোবাসেন তিনি, ‘ক্যারিয়ারজুড়েই চেয়েছি অস্ট্রেলিয়াকে যত বেশি সম্ভব ম্যাচ জেতাতে। আর অধিনায়ক হিসেবে আজ আমি সুযোগ পেয়েছিলাম সেটা দেখানোর। ইনিংস ঘোষণার সময় আমাদের সুযোগ ছিল জেতার। ওদের অলআউট করার জন্য কমপক্ষে ৬০ ওভারই দরকার ছিল।’নিজের দলের সুযোগ দেখেছেন ড্যারেন স্যামিও, ‘৬০ ওভারই যথেষ্ট ছিল। ভেবেছিলাম রানটা হয়ে যাবে।’পরশু ডমিনিকায় শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। ওয়েবসাইট।