বৃষ্টিতে সিরিজ নির্ধারক এখন শেষ ম্যাচ
৫ ওভার শেষে নিয়ম অনুযায়ী প্রেসবক্সের স্কোরার শ্রীলঙ্কার ইনিংসের স্কোর ঘোষণা করলেন। শ্রীলঙ্কা থার্টি থ্রি ফর নো লস। কুশাল পেরেরা এইটিন, তিলকরত্নে দিলশান টেন। তখন কে জানত, এটাই হয়ে থাকবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডের চূড়ান্ত স্কোরকার্ড!ঝিরিঝিরি বৃষ্টি থেকে বাঁচাতে সেই যে ত্রিপলে ঢাকা পড়ল হাম্বানটোটার মাঠ, সেটি সরিয়ে নেওয়া হলো প্রায় চার ঘণ্টা পর। না, বৃষ্টি তখনো পুরোপুরি থামেনি। কিন্তু ম্যাচের অপমৃত্যু নিশ্চিত হয়ে গেছে।ম্যাচ বলে বিবেচিত হতে ওয়ানডেতে কমপক্ষে ২০ ওভার করে খেলা হওয়া চাই। সেটি হতে বড়জোর স্থানীয় সময় রাত ৮টা ৩৯ মিনিটে খেলা শুরু করতেই হতো। এর প্রায় দুই ঘণ্টা আগেই সবাইকে অপেক্ষা থেকে মুক্তি দিলেন ম্যাচ রেফারি। এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সিরিজের মীমাংসা হয়ে যেত। আগামী বৃহস্পতিবার ক্যান্ডিতে তৃতীয় ও শেষ ওয়ানডেটি পরিণত হতো শুধুই আনুষ্ঠানিকতায়। এখন ক্যান্ডির ম্যাচটি সিরিজ নির্ধারক।বৃষ্টি না হলে এখানে কী হতো, সেই আলোচনায় ঢোকারই কোনো সুযোগ নেই। ৫ ওভার খেলা থেকে কিছু বোঝা যায় নাকি! তবে শ্রীলঙ্কার দুই ওপেনার প্রথম ম্যাচের মতো অমন ঝড় তুলতে পারেননি। মহাগুরুত্বপূর্ণ টসটাও জিতেছিলেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডেতে শিশির পড়ে রাতের বেলায় উইকেট খুব ব্যাটিংবান্ধব হয়ে পড়েছিল বলে বাংলাদেশ দলের আক্ষেপ ছিল। বৃষ্টি বাগড়া না দিলে বোঝা যেত, সুবিধা থাকলেও সেটি কাজে লাগানোর ক্ষমতা আছে কি না বাংলাদেশের ব্যাটসম্যানদের।তামিম ইকবাল আঙুল ভেঙে দেশে ফিরে যাওয়ায় দলে একটা পরিবর্তন অবধারিতই ছিল। তাঁর জায়গায় একাদশে এসেছিলেন জহুরুল ইসলাম। ইনিংসের শুরুতে তামিমকে হারানোর ক্ষতিপূরণ তো শুধু জহুরুলে হয় না। এ কারণে ব্যাটিংটাকে আরও লম্বা করতে মমিনুল হকও ঢুকেছিলেন দলে। বাদ পড়তে হয়েছিল আবুল হাসানকে। অভিষেকেই তাঁর টেস্ট সেঞ্চুরি থাকতে পারে, তবে শেষ পর্যন্ত পরিচয় তো সেই পেস বোলারই। শ্রীলঙ্কায় এই সময়টা বৃষ্টিরই সময়। অথচ বৃষ্টি সেভাবে জ্বালায়ইনি এর আগে। বিস্ময়ই বলতে হবে, সফরের শেষ দিকে এসে এই প্রথম কোনো ম্যাচ বৃষ্টি-আক্রান্ত। গল টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে মিনিট পনেরো খেলা বন্ধ ছিল। পরদিন আগে শুরু করে সেটি পুষিয়ে নেওয়ায় ম্যাচে এর কোনো প্রভাবই পড়েনি।এক দিক থেকে ভালোই হলো। ভাঙাচোরা দল নিয়ে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জিতে ফেলবে—এই আশা কেউ করে থাকলে তিনি এই বিশ্বের শেষ আশাবাদী। তবে এখন একটাই ম্যাচ, তাতে কিছু একটা করে ফেলতে পারলে সিরিজটা ড্র তো করা যাবে। সেটি হোক বা না হোক, কালকের বৃষ্টি সিরিজের শেষ ওয়ানডেটি নিয়ে আগ্রহটা তো বাঁচিয়ে রাখল!