বৃষ্টিতে ‘ভিজে’ গেল বাইলজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আকাশ গুমোট পরশু থেকেই। কাল দুপুর থেকে টিপটিপ বৃষ্টি। সময়ের সঙ্গে বাড়ল বেগ। খেলা যখন শুরু হওয়ার কথা, মিরপুরের আকাশ তখন ভালোই কান্না শুরু করেছে। পরে বৃষ্টি থেমেছে, কিন্তু খেলা হওয়ার মতো উপযুক্ত হয়নি মাঠ। বাইলজ অনুযায়ী টসেই ফাইনালিস্ট নির্ধারিত হয়ে যাওয়ার কথা। কিন্তু দুই দলের চাওয়া আর বৃহত্তর স্বার্থ বিবেচনা করে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএলের দ্বিতীয় সেমিফাইনাল। সিলেট রয়্যালস ও চিটাগং কিংস মুখোমুখি হবে আজ সন্ধ্যা ৬টায়।বৃষ্টি থেমেছে সন্ধ্যা সাতটার দিকে। মাঠ পরিচর্যার কাজ শুরু হয় তখনই। তবে শেরেবাংলার মাঠ তো আগের মতো নেই! আগের মিরপুর হলে হয়তো এই বৃষ্টি এমন বিপত্তি হয়ে দাঁড়াতে পারত না। সংস্কারের পর মিরপুরের পানিশোষণ ক্ষমতা যে কমে গেছে, সেটার একটা প্রমাণও মিলল কাল। ডাগ-আউট, ড্রেসিংরুমের সামনে পানি জমে ছিল, জমে ছিল মাঠের নানা জায়গায়। রাত পৌনে ৯টায় সংবাদ সম্মেলনে ম্যাচ এক দিন পিছিয়ে নেওয়ার চূড়ান্ত ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা ও সদস্যসচিব আই এইচ মল্লিক। সূচি অনুযায়ী, এই ম্যাচের জন্য কোনো ‘অতিরিক্ত দিন’ ছিল না। বাইলজ অনুযায়ী ম্যাচের মীমাংসার জন্য কমপক্ষে ৫ ওভার করে খেলা হতে হবে। সেটাও সম্ভব না হলে হওয়ার কথা ‘ওয়ান ওভার এলিমিনেটর’। সেটিও সম্ভব না হলে টসে ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। সেই পথে না হেঁটে ম্যাচ পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন আই এইচ মল্লিক, ‘দুই দলের সঙ্গেই আমরা কথা বলেছি, দুই দলই ম্যাচ খেলতে চায়। আর যেসব দর্শক টিকিট কেটেছে, তাদের কথাও ভাবতে হয়েছে। সব মিলিয়ে আমরা তাই রেস্ট ডেটাকে রিজার্ভ ডে বানিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’ আনুষ্ঠানিক কারণ হিসেবে মাঠের দুরবস্থার কথা বলা হলেও জানা গেছে, দর্শকের ব্যাপারটাই প্রাধান্য পেয়েছে সবচেয়ে বেশি। রাত ৯টায় ৫ ওভারের খেলা শুরু করা সম্ভব ছিল। কিন্তু মাঠ পরিচর্যার কাজ বন্ধ করে দেওয়া হয় রাত আটটাতেই। তখনই আঁচ করা যাচ্ছিল, খেলা হবে না। কারণ বাজে আবহাওয়া দেখে কাল স্টেডিয়ামের গেটই খোলা হয়নি। মাঠে তাই কোনো দর্শক ছিল না। আনুষ্ঠানিক ব্যাখ্যায় অবশ্য মাঠকেই দায় দিয়েছেন আফজালুর রহমান, ‘ম্যাচ রেফারি আমাকে বলেছেন, মাঠ পরিদর্শন করে দুই আম্পায়ারের মনে হয়েছে, এই মাঠে খেললে ক্রিকেটারদের ইনজুরির আশঙ্কা আছে। কারণ পানি অনেকটা শুকালেও মাটি যথেষ্টই নরম।’ আর প্রতিদ্বন্দ্বী দুই দলও যেহেতু ৫ ওভারের ‘জুয়া’ খেলতে চায়নি, তাই ম্যাচ পিছিয়ে নিতেও সমস্যা হয়নি।আজও খেলা না হলে অবশ্য বাইলজই মানা হবে। আর কালকের অভিজ্ঞতার পর ফাইনালের জন্য অতিরিক্ত একটা দিন রাখা হয়েছে।