বৃষ্টিতেই শেষ প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তে শ্রাবণধারা দেখল মোহালি। আর তাতেই ভেসে গেল ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের পুরো প্রথম দিন। ভারী বৃষ্টিতে মাঠে গড়াতে পারেনি একটি বলও। হতে পারেনি টসও। স্থানীয় সময় বেলা সোয়া একটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার আলিম দার ও রিচার্ড কেটেলবরো। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজও।টস না হলেও অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল একাদশ। শাস্তি পেয়ে চার ক্রিকেটার বাইরে চলে যাওয়ায় অস্ট্রেলিয়ার দলটি হয়ে যায় ১৩ জনের। সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে একাদশ। স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে দলের বাইরে চোটে পড়া উইকেটকিপার ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা ব্র্যাড হাডিন জায়গা নিয়েছেন তাঁর।প্রথম দিনের খেলা না হওয়ায় পিছিয়ে গেছে শিখর ধাওয়ানের অভিষেকও। টেস্ট ক্যাপ পেতে অপেক্ষার প্রহরটা বাড়ল এই তরুণের। ২০১০ সালে বিশাখাপত্তনমে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে অভিষেকেও বৃষ্টির খপ্পরে পড়েছিলেন ধাওয়ান। এই টেস্টটা বৃষ্টির কবলে পড়ায় যতটা না ভারতের মন খারাপ, তার চেয়েও বেশি অস্ট্রেলিয়ার। চার টেস্টের সিরিজে তারা পিছিয়ে আছে ২-০-তে। এই টেস্ট অন্তত কিছুটা সম্মান তাদের ফিরিয়ে দিতে পারত। কিন্তু বৈরি আবহাওয়া টেস্টের সামনেই এঁকে দিয়েছে একটা প্রশ্ন চিহ্ন। ওয়েবসাইট।