বৃষ্টিপ্লাবিত শেষ ওয়ানডে
আফসোসও করা যাচ্ছে না, স্বস্তিও পাওয়া যাচ্ছে না। শেষ ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ দল কি জয়বঞ্চিত হলো? নাকি বেঁচে গেল আরেকটি লজ্জার হাত থেকে!
আগের ম্যাচে ভারতের ১০৫ রানের জবাবে ৫৮ রানে অলআউটের লজ্জায় ডুবেছিল মুশফিকুর রহিমের দল। সাফল্যের ধারাবাহিকতা বোলাররা ধরে রাখলেন কালও। কিন্তু আগের ম্যাচের অভিজ্ঞতার কারণে ১১৯ রানের মধ্যে ভারতের ৯ উইকেট ফেলে দেওয়ার পরও বলা যাচ্ছে না, পরিত্যক্ত না হলে এই ম্যাচ বাংলাদেশ জিতত নাকি আবারও লজ্জায় ডোবার মতো কিছু করে সিরিজে ধবলধোলাইয়ের ‘স্বাদ’ নিত।
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি ছিল। বৃষ্টি হলো, আর তা যে ম্যাচটাই হতে দেবে না, ভাবা যায়নি! ম্যাচ বাতিল হওয়ার আগেও বৃষ্টি খেলা থামিয়েছে দুবার। প্রথমবার বন্ধ হয় ভারত ইনিংসের ৮.৩ ওভার পর। ১৩ রানে তখনই পড়ে গেছে ভারতের ৩ উইকেট। ২৩ মিনিট বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয় বেলা দুইটা ৯ মিনিটে। এরপর দুইটা ৩১ মিনিটে বৃষ্টি এলে খেলা বন্ধ থাকে প্রায় আড়াই ঘণ্টা। বিকেল পাঁচটায় তৃতীয়বারের মতো খেলা শুরু হলে ম্যাচটাকে বানিয়ে দেয় ৪০ ওভারের। সেটি চলে সন্ধ্যা ছয়টা ৪১ মিনিট পর্যন্ত। পরের বৃষ্টিটা আর খেলাই হতে দেয়নি। রাত আটটা ১২ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি রোশন মহানামা।
তবে যতক্ষণ খেলা হয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের বোলারদের হাতে। নতুন বলে মাত্র ৮ রানের মধ্যে মাশরাফি ও আল-আমিন তুলে নেন দুই ওপেনার রবিন উথাপ্পা ও অজিঙ্কা রাহানেকে। ইনিংসের নবম আর নিজের প্রথম ওভারের প্রথম বলেই অম্বাতি রাইডুকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করেন অভিষেকে ৫ উইকেট নেওয়া তাসকিন আহমেদ। ৮ ওভার বল করে এক মেডেনসহ ১৫ রানে ২ উইকেট—অভিষেক সিরিজটাকে স্মরণীয় করে রাখলেন তরুণ পেসার।
তবে আগের ম্যাচের মতো কালকের দিনটা শুধু পেসারদেরই ছিল না। ৭.২ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানই বরং সফলতম। সিরিজে প্রথম খেলতে নেমে অফ স্পিনার সোহাগ গাজীও নিয়েছেন ১ উইকেট।
বাংলাদেশি পেস-স্পিনের যুগলবন্দী আক্রমণে দাঁড়াতেই পারছিলেন না ভারতীয় ব্যাটসম্যানরা৷ একটা পর্যায়ে তো মনে হচ্ছিল আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বনিম্ন রানের যে রেকর্ডটা হয়েছে, সেটা বোধ হয় নতুন করে লিখতে হবে কাল। কিন্তু ১৬ রানে ৪ উইকেট পড়ার পর চেতেশ্বর পূজারা আর সুরেশ রায়না পঞ্চম উইকেট জুটিতে ৪১ রান যোগ করে পরিস্থিতি সামলে নেন। পরের উইকেটে পূজারা আর ঋদ্ধিমান সাহার ৩২ রানের জুটিও কাজে লেগেছে ভারতের নতুন লজ্জা এড়াতে।
২-০তে হারা সিরিজে বাংলাদেশের প্রাপ্তি বলতে পেসারদের সাফল্য। তবে তাতে বড় ভূমিকা সবুজ উইকেটের। ম্যাচ শেষে এমন উইকেট ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই চাইলেন মুশফিকুর রহিম, ‘ঘরোয়া ক্রিকেটে আমাদের নিয়মিত এ রকম উইকেটে খেলা উচিত। তাহলে ব্যাটসম্যানরা এসব উইকেটে অভ্যস্ত হয়ে উঠবেন। দেশের বাইরে গিয়েও আর সংগ্রাম করতে হবে না।’ অবশ্য সিরিজ হারের জন্য উইকেটকে দায়ী করেননি অধিনায়ক, ‘উইকেট বা প্রস্তুতিতে সমস্যা ছিল না। সমস্যা ছিল সামর্থ্যের প্রয়োগে।’
ঢাকায় সবুজ উইকেট দেখে বিস্মিত ভারত অধিনায়ক সুরেশ রায়নাও, ‘গত ১০ বছরে উপমহাদেশে এমন সিমিং কন্ডিশন দেখিনি। বল বেশ মুভ করেছে। এখানে স্বাভাবিক ব্যাটিং সহজ ছিল না।’