বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে-বোলিংয়ে নৈপুণ্য দেখিয়েই প্রথম ওয়ানডে জিতেছিল শ্রীলঙ্কা। একই মাঠে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের সেই দাপুটে পারফরম্যান্সের পুনরাবৃত্তি না দেখা গেলেও কাল ম্যাচ জিতে পাঁচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে জিতেছে দিনেশ চান্ডিমালের দল।প্রথম ম্যাচে লঙ্কান ব্যাটসম্যানদের হাতে তুলাধোনা হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। কিন্তু কাল দেখা গেছে উল্টোটা। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ছয়জনের হাতে বল তুলে দিয়েছেন, সবাই উইকেট পেয়েছেন অন্তত একটি করে। মরনে মরকেল তিনটি। প্রোটিয়া বোলারদের আঁটসাঁট বোলিংয়ে শুরুতেই খোলসে ঢুকে গিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। যে কারণে ৩০ ওভার পর্যন্ত খেলে আউট হওয়া ওপেনার তিলকারত্নে দিলশান করেছেন মাত্র ৪৩! শেষ দিকে চান্ডিমাল ৫১ বলে ৪৩ রানের ইনিংস না খেললে ২০০ পেরোনোই কঠিন হয়ে যেত শ্রীলঙ্কার। বার কয়েক বাগড়া দেওয়ার পর ৪৯.২ ওভার শেষে বৃষ্টির কারণে যখন শ্রীলঙ্কার ইনিংসের সমাপ্তি ঘোষণা করা হয়, স্কোরবোর্ডে ৯ উইকেটে ২২৩। ২৯ ওভারে ১৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দশম ওভার শেষের আগেই ৫৫ রানে দুই ওপেনার আলভিরো পিটারসেন (২৪) ও রবিন পিটারসন (৩) ও ডুমিনিকে (১৫) হারিয়ে ফেলে তারা। আরও ১৪ রান যোগ হতেই ফিরে যান ডি ভিলিয়ার্স (১২) ও ডু প্লেসিস। কঠিন এক দায়িত্ব নিয়ে ব্যাটিং করছিলেন ডেভিড মিলার (২২*) ও রায়ান ম্যাকলরেন (১৪*)। তাঁদের অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে ২১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ৫ উইকেটে ১০৪ রান, নামে তুমুল বৃষ্টি। খেলা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় জয়ী ঘোষণা করা হয় শ্রীলঙ্কাকে। ডাকওয়ার্থ-লুইসে জিততে হলেও খেলা বন্ধ হওয়ার আগে ১২২ রান করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ সেরা দিনেশ চান্ডিমাল। ক্রিকইনফো।