বৃষ্টির অভিজ্ঞতা কাজে লাগিয়েছি: ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি আর দক্ষিণ আফ্রিকার দুর্ভাগ্য যেন একই সূত্রে গাথা। সেই ১৯৯২ সাল থেকে অনেকবারই বৃষ্টি প্রোটিয়াদের মন্দ ভাগ্যের কারণ হয়েছে। তবে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই বৃষ্টিই যেন সৌভাগ্য বয়ে নিয়ে এল আমলা-ডি ভিলিয়ার্সদের জন্য। বৃষ্টি-বিঘ্নিত সংক্ষিপ্ত ম্যাচে কাল স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে এই বৃষ্টি-বিঘ্নিত জয়কে তাঁদের সাম্প্রতিক অভিজ্ঞতার ফসল হিসেবে বর্ণনা করেছেন। সাম্প্রতিক সময়ে খেলা বেশ কিছু বৃষ্টি-বিঘ্নিত সংক্ষিপ্ত ম্যাচই মূলত কালকের এই দারুণ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।কাল হাম্বানটোটায় বৃষ্টির কারণে ৭ ওভারে নামিয়ে নিয়ে আসা ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের অনবদ্য ব্যাটিংয়েই প্রোটিয়ারা তৈরি করে নেয় জয়ের ভিত্তি। তাঁর ১৩ বলে করা ৩০ রানের ওপর ভর করেই দক্ষিণ আফ্রিকা ৭৮ রানের ম্যাচজয়ী স্কোর দাঁড় করায়। ওই স্কোরের সত্যিকারের কোনো জবাব ছিল না লংকানদের কাছে। তারা সাত ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৬ রানে থেমে যেতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকান বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে।প্রোটিয়া অধিনায়ক এই বিজয়কে একটি নির্দিষ্ট গেম-প্ল্যানের সফল প্রয়োগ হিসেবে অভিহিত করে বলেন, ইংল্যান্ডে বৃষ্টি-বিঘ্নিত দুটি ম্যাচ আমাদের কাজে লেগেছে। ওই অভিজ্ঞতা থেকে কালকের ম্যাচের জন্য যে গেম-প্ল্যান তৈরি হয়েছিল, তা পুরোপুরি কাজে লাগানো গেছে।‘ইংল্যান্ড ট্যুরে আমরা বৃষ্টি-বিঘ্নিত দুটি ম্যাচ খেলেছিলাম। কাল বৃষ্টির সময় নিজেদের মধ্যে এই ম্যাচের করণীয়গুলো নিয়ে আলাপ-আলোচনা সেরে রেখেছিলাম। বৃষ্টির মধ্যে মনোযোগ ধরে রাখা খুবই কঠিন।’ ডি ভিলিয়ার্সের মন্তব্য।তিনি বলেন, ‘আলোচনার সময় আমরা ইংল্যান্ড সফরের ম্যাচগুলো নিয়ে আলাপ করেছি। আমার মনে হয়, ইংল্যান্ড সফরের বৃষ্টি-বিঘ্নিত ম্যাচ খেলার অভিজ্ঞতা এখানে ভালোই কাজে লেগেছে।’ ইএসপিএন।