
আগের দিন তিনি উইকেটে আসতেই তেতে উঠলেন মরনে মরকেল। শরীর লক্ষ্য করে দিতে থাকলেন একের পর এক বাউন্সার। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় শেষ পর্যন্ত মরকেলের সঙ্গে জয়ী হয়েছিলেন মাইকেল ক্লার্কই। দিন শেষে দাঁড়িয়ে ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়।
৯২ রান নিয়ে দিন শুরু করে ক্লার্ককে কাল মানসিক পরীক্ষা দিতে হলো কাইল অ্যাবটের কাছে। ৯২ থেকে ৯৯-এ পৌঁছালেন দ্রুতই। কিন্তু ৯৯-এ দাঁড়িয়েই কাটিয়ে দিলেন ২৪টি বল! ২৩টিই অ্যাবটের, একটি ফিল্যান্ডারের। তবে এবারও জয়ী ক্লার্ক। ২৫তম বলে ফিল্যান্ডারকে চার মেরে ক্লার্ক পেয়ে যান তাঁর ২৭তম টেস্ট সেঞ্চুরি। হাঁফ ছেড়ে বাঁচল অস্ট্রেলীয় সমর্থকেরা! সেই ক্লার্ককে আর আউটই করতে পারেনি দক্ষিণ আফ্রিকানরা।
তার পরও দিন শেষে ক্লার্ক নিশ্চয়ই হতাশ। দিনের অর্ধেকেরও বেশিটাই যে খেয়ে ফেলল বৃষ্টি। প্রোটিয়াদের কপালের ভাঁজ বড় করে কালও মাঠে ফিরতে পারেননি ডেল স্টেইন। বাকিরা ক্লার্ককে টলাতে তো পারেনইনি, ক্লার্ক-স্মিথের আগের দিনের ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটিও ভাঙতে পারছিলেন না। অবশেষে স্মিথের (৮৪) স্টাম্প উপড়ে ফেলে এই জুটি ভাঙেন পার্টটাইম স্পিনার ডিন এলগার। ততক্ষণে অবশ্য ক্লার্ক-স্মিথের জুটিটা হয়ে গেছে ১৮৪ রানের। অস্ট্রেলিয়া পৌঁছে যায় ৪০১ রানে। মধ্যাহ্ন বিরতির আগে আর উইকেট পড়েনি। বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে লাঞ্চের পর খেলা হয় ১৩.৪ ওভার। তাতে ডুমিনি তিন উইকেট তুলে নিলেও ক্লার্ক এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়াকে নিয়ে গেছেন ৭ উইকেটে ৪৯৪ রানে। ক্লার্ক অপরাজিত ১৬১ রানে। ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরির সম্ভাবনা আছেই। কিন্তু দুটি দিন পেরিয়ে যাওয়ায় ক্লার্ক ডাবলের আশা ভুলে ইনিংস ঘোষণার পথেও হাঁটতে পারেন। তথ্যসূত্র: ক্রিকইনফো।