বৃষ্টির আগে জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর মতো ব্যাটসম্যানরা টি-টোয়েন্টিতে খুব একটা পাত্তা পাবেন না, প্রাথমিক ধারণাটা ছিল এমনই। মাহেলা জয়াবর্ধনে যে ধুমধাড়াক্কা ঘরানার ব্যাটসম্যান নন! পেশির জোর নয়, তাঁর শক্তি ‘টাইমিং’ আর ‘জায়গামতো বল পাঠানো’। তাঁর ব্যাটিং প্রশান্তি দেয় চোখ ও মনকে। সত্যিকারের গ্রেটরা যে সব ধরনের ক্রিকেটেই গ্রেট, ক্রিকেট বইয়ের শট খেলেও যে সফল হওয়া যায় টি-টোয়েন্টিতে, কাল গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে তা আরেকবার প্রমাণ করলেন জয়াবর্ধনে। করলেন সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা জিতল ১৪ রানে।৬৪ বলে ১০ চার ও ৪ ছয়ে জয়াবর্ধনের ১০০ রানের ইনিংসের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৩ রান তোলে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে ইনিংসের প্রথম ওভারের পর পঞ্চম ওভার শেষে আবারও বৃষ্টি এসে বাগড়া দিলে ম্যাচে জয়ী ঘোষণা করা হয় শ্রীলঙ্কাকে। ৫ ওভারে ১ উইকেটে জিম্বাবুয়ে তুলেছিল ২৯ রান। ৪৪ করলেই ম্যাচ জিতত জিম্বাবুয়ে।নিচু বাউন্স, মন্থর গতি, উইকেটে পড়ে বল ধীরে আসে—গায়ানার এমন উইকেটও একটুও প্রভাবিত করতে পারেনি ম্যাচসেরা জয়াবর্ধনেকে। ক্রিস পোফুর করা প্রথম ওভারেই মেরেছেন দুই চার ও এক ছয়। জিম্বাবুয়ের স্পিনারদের বোলিংয়ে দেখিয়েছেন অপূর্ব পায়ের কাজ। ৬ চার ও তিন ছয়ে ২৭ বলে করা তাঁর ফিফটিটি এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টের দ্রুততম ফিফটি। ৪টি চার ও এক ছয়ে পরের ফিফটি ৩৬ বলে। টি-টোয়েন্টির প্রথম ১৪৮ ম্যাচে সেঞ্চুরি হয়েছিল মাত্র একটি, পরের ৯ ম্যাচেই হলো তিনটি! ২০০৭ সালে ক্রিস গেইলের পর গত ফেব্রুয়ারিতে করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম, গত পরশু সুরেশ রায়না।লঙ্কান ইনিংসে জয়াবর্ধনে ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন আর মাত্র দুজন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ২৩ পিঞ্চহিটার হিসেবে নামা অলরাউন্ডার থিসারা পেরেরার। দুই ছয়ে ৬ বলে ১৩ রান করেছেন চামারা কাপুগেদারা। ২ উইকেট নিয়েছেন নতুন বল হাতে নেওয়া রেমন্ড প্রাইস। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৩/৭ (জয়াবর্ধনে ১০০, পেরেরা ২৩, কাপুগেদারা ১৩; প্রাইস ২/৩১, ল্যাম্ব ২/৩৪)। জিম্বাবুয়ে: ৫ ওভারে ২৯/১ (টাইবু ১২*, টেলর ১১*, মাসাকাদজা ৪)।ফল: শ্রীলঙ্কা ১৪ রানে জয়ী (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে)।