বৃষ্টির আগে ‘এ’ দলের ১২৫
বোলারদের অসাধারণ পারফরম্যান্সে শেষ ওয়ানডেটা জিততে পেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু ব্যাটসম্যানরা ব্যর্থতার বলয় থেকে বেরোতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কাল দলটি তুলেছিল মাত্র ১২৫। তার পরও ম্যাচটা হারতে হয়নি বা জানা যায়নি বোলাররা আরেকবার জেতাতে পারতেন কি না। বৃষ্টির কারণে ক্যারিবীয়দের ইনিংসের একটি বলও যে হলো না মিরপুর স্টেডিয়ামে! টানা বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ।‘এ’ দলকে যথারীতি ভুগিয়েছে ভীরাসামি পেরমলের বাঁহাতি স্পিন (৩/২৯)। তবে সবচেয়ে বেশি ভুগিয়েছে শেলডন কটেরেলের বাঁহাতি পেস (৩/১৩)। ম্যাচের দ্বিতীয় বলেই ইমরুল কায়েসের (০) স্টাম্প উড়িয়েছেন কটেরেল। এরপর আর কখনোই গতি পায়নি ইনিংস, চারে নেমে একরকম একাই টেনেছেন নাঈম ইসলাম। ৩ চার ও ১ ছয়ে ৪১ বলে ৪৮ করে আউট হয়েছেন ইনিংসের শেষ বলে। আর বলার মতো রান পেয়েছেন সাব্বির রহমান (১৮) ও এনামুল হক (১৭)।