বৃষ্টির কারণে অনিশ্চিত ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে
বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেটি। এবার কাল রোববার গোয়ায় অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটিও শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে গোয়ায় শুরু হয়েছে ভারী বর্ষণ। মধ্যরাতের পর বৃষ্টি থেমে গেলেও আজ সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে সকালে অনুশীলনেও অংশ নিতে পারেনি দুই দল। আরও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।ভারত সফরে এসে এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের দুটি টেস্টেই হারার পর দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২৯০ রানের টার্গেট দিয়েও পাঁচ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে অসিদের। তৃতীয় ওয়ানডেটিও খেলার সুযোগ না পেলে কোনো জয় ছাড়াই ভারত থেকে ফিরে যেতে হবে পন্টিং বাহিনীকে। একই সঙ্গে এ তৃতীয় ওয়ানডেটি জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগটাও হাতছাড়া হবে তাদের। আর সে রকম কিছু হলে ১৯৮৭ সালের পর এটাই হবে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম কোনো ওয়ানডে সিরিজ পরাজয়।