বৃষ্টির কারণে ‘টি-টোয়েন্টি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনাল একটা আছে, তবে সেটা নামেই। প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বিসিবি কাপের শিরোপা কে জিতল, তা নিয়ে বোধ হয় খুব কম মানুষই আগ্রহী। আনুষ্ঠানিকতা রক্ষার সেই ফাইনালের পোশাকি মহড়া বলতে পারেন বাংলাদেশ বনাম বাংলাদেশ ‘এ’ দলের কালকের ম্যাচটাকে।পোশাকি মহড়াটাও হলো নামেই। আজ বাদে কাল যে দুই দল টুর্নামেন্টের ফাইনাল খেলবে, তাদের এক দল আরেক দলকে হারিয়ে দিয়েছে ১০ উইকেটে! জয়ী দলের নাম বাংলাদেশ।বিসিবি কাপের বেশির ভাগ ম্যাচই আলোকিত ব্যক্তিগত পারফরম্যান্সের আলোয়। কখনো নাঈম ইসলাম, কখনো মোহাম্মদ আশরাফুল, কখনো বা মুশফিকুর রহিম। কাল যোগ হলেন তামিম ইকবালও। ‘এ’ দলের বিপক্ষে আগের ম্যাচেও ফিফটি করেছেন, কিন্তু কাল দেখা দিলেন স্বরূপে। ‘এ’ দল ১৬৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর জাতীয় দলের ইনিংসের ২ বল হওয়ার পরই নামে বৃষ্টি। ঘণ্টা তিনেক পর খেলা শুরু হলে নতুন লক্ষ্য ২০ ওভারে ১০০। টি-টোয়েন্টির জন্য আদর্শ অনুশীলন, কিন্তু রানটা যে বড্ড কম। ৫ ওভার বাকি থাকতেই খেলা শেষ।বৃষ্টির আগে ২ বলে রান ছিল ৬। বৃষ্টির পর তামিম তামিমের মতোই শুরু করলেন। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফরহাদ রেজাকে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা। এক বল পর সুইপ শটে বাউন্ডারি। ওভারে ১২ রান দিয়ে ফরহাদ আর বলই পেলেন না। রকিবুলের হাত অতটা পিচ্ছিল না হলে অবশ্য হতাশা একটু হলেও কমত ফরহাদের। পঞ্চম বল স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন তামিম। বেঁচে গেছেন ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো রকিবুলের অমনোযোগিতার কারণেই। ফরহাদের ওই বলটার সময় বাউন্ডারির বাইরে দাঁড়ানো কার সঙ্গে যেন কথা বলছিলেন রকিবুল। ক্যাচ আসছে দেখেছেন, প্রথমবার হাত ফসকে বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার চেষ্টাও করেছেন ধরার, কিন্তু মনঃসংযোগে চিড় যে ধরিয়ে রেখেছেন আগেই!জীবন পেয়ে আরও ধারালো তামিমের ব্যাট। প্রায় প্রতিটা বলেই বোলারকে শাসনের চেষ্টা—কখনো দুই পা বাইরে এসে তুলে মারলেন সোজা, কখনো এক পায়ে পুল। ইলিয়াস সানিকে একবার রিভার্স সুইপে যেভাবে চার মারলেন, হসপিটালিটি বক্সে বসে মুগ্ধ নির্বাচক হাবিবুল বাশার। তামিম ‘শো’তে বরাবরই একটু ধীরে চলেন ইমরুল কায়েস। কালও চললেন—৪১ বলে ২০ রান, চার ২টি। তবে আগের দুই ম্যাচে মাত্র ৪ ও ১৩ রানে আউট হওয়ার পর এই ছোট্ট সাজানো ইনিংসটিও তাঁকে দিতে পারে আত্মবিশ্বাস।জাতীয় দলের স্পিনাররাই মূলত ধসিয়ে দিয়েছেন ‘এ’ দলকে। ৪২ রানের মধ্যে দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়ে পেসার নাজমুল শুরুটা করে দিলেও এ ম্যাচের অধিনায়ক রাজ্জাক ও নাসির মিলে নিয়েছেন ৭ উইকেট। ২৯ রানে ৪ উইকেট নিয়ে নাসির ম্যাচ সেরাও। ‘এ’ দলের পক্ষে উইকেটরক্ষক সগীর ৩৬ করেছেন, অধিনায়ক মাহমুদউল্লাহ ৩৪। ৯৫ রানে ৭ উইকেট পড়ার পর ফরহাদ-মাহমুদউল্লাহ ৫১ রানের জুটিটাই যা বলার মতো।