চার বছর আগে এমন অস্ট্রেলিয়া সফরেই হুট করে সুযোগ পেয়েছিলেন। অ্যাশওয়েল প্রিন্সের চোট পার্থ টেস্টের দলে জায়গা করে দিয়েছিল তাঁকে। দক্ষিণ আফ্রিকার সেই ঐতিহাসিক সিরিজ জয়ে অবদান রেখে অভিষেকেই আলোচনায় আসেন জেপি ডুমিনি, ব্যাট হাতে করেছিলেন ২৪৬ রান। চার বছর পর সেই অস্ট্রেলিয়া সফরেই গুরুতর চোট এবার ছিটকে দিল সেই ডুমিনিকেই। তাঁর বদলি হিসেবে কাকে নেওয়া হবে, এখনো ভেবে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তবে ফ্যাফ ডু প্লেসিসই সম্ভবত পেয়ে যাচ্ছেন সুযোগ।ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা দক্ষিণ আফ্রিকা ডুমিনির বদলি নিয়েই ভেবে পার করতে পারল। বৃষ্টির পেটে গেছে সারা দিন। একটি বলও হয়নি। ১৪ বছর পর এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্টের পুরো একটি দিন খেলা হতে পারল না বৃষ্টির কারণে। এর আগে ১৯৯৮ সালে মেলবোর্নে অ্যাশেজ সিরিজের বক্সিং ডে টেস্টের শেষ দিনে খেলা হতে দেয়নি বৃষ্টি। ২৯ বছর পর পর ব্রিসবেন টেস্ট একটি পুরো দিন দেখল বৃষ্টিতে ধুয়ে যেতে। এর আগে ১৯৮৩ সালে অস্ট্রেলিয়া-পাকিস্তান দেখেছিল এমন একটি দিন। শনিবার, সপ্তাহান্তের দিনটা যেসব অস্ট্রেলীয় মাঠে গিয়ে ক্রিকেট দেখার পরিকল্পনা করেছিল, তাদের অলস সময় কাটাতে হলো ড্রয়িংরুমে সোফায় হেলান দিয়ে। কিংবা খুঁজে নিতে হলো বিনোদনের অন্য কোনো বিকল্প। আগের দিন ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে ড্রেসিংরুমে ফেরা প্রোটিয়া কোচ অবশ্য ব্যস্ত ডুমিনির বিকল্প খুঁজতে।ডু প্লেসিসকে অনেকে এগিয়ে রাখছেন এই মৌসুমে তাঁর শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার কারণে। ঘরোয়া দল টাইটানের হয়ে সাধারণত লোয়ার মিডল-অর্ডারে ব্যাট করতেন। উইকেটে বেশিক্ষণ থাকার সুযোগই মিলত না। ফলে রানও করতে পারতেন সামান্যই। কিন্তু দলের নতুন কোচ তাঁকে চার নম্বরে ব্যাট করার সুযোগ দেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ডু প্লেসিস চারটি ফার্স্ট ক্লাস ম্যাচে তিন সেঞ্চুরিসহ করেছেন ৫৯৯ রান। পাশাপাশি তাঁর লেগ স্পিনটাও কাজে আসবে দলের। এএফপি, ওয়েবসাইট।