বৃষ্টির চিত্রনাট্যে চন্দরপল-ন্যাশ
পাল্লেকেলে টেস্টের প্রথম দিন শেষে তাঁর গড় ছিল ব্র্যাডম্যানীয় ১০০.৫০! কিন্তু গতকালই ড্যারেন ব্রাভোকে ব্র্যাডম্যানের পাশ থেকে সাধারণ্যে নামিয়ে এনেছেন দিলহারা ফার্নান্দো। আগের দিনের অপরাজিত ৬৩ রানের সঙ্গে কাল আর ৫ রান যোগ করেই ফার্নান্দোর বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফেরেন ড্যারেন। এখন গড় তাঁর ৬৮.৬৬।একটু-আধটু ফারাক এড়িয়ে গেলে বলা যায় দ্বিতীয় দিনেও অনুসৃত প্রথম দিনের চিত্রনাট্য। প্রথম দিন খেলা হয়েছিল ৪০ ওভার। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১৩৪/২। কাল দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৪১ ওভার। উইকেট পড়েছে ১টি বেশি, ৩ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা যোগ করেছে ১১০ রান। এরপর প্রথম আলোকস্বল্পতা ও পরে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় দিনের খেলা। দ্বিতীয় দিন শেষে ড্যারেন স্যামির দলের সংগ্রহ ৫ উইকেটে ২৪৪।ব্রাভো ভাইদের ছোটজন আউট হলে চন্দরপল-ব্রেন্ডন ন্যাশ জুটি কাটিয়ে দেন প্রথম সেশন। মধ্যাহ্নবিরতির পর খেলা চলে মাত্র ৯ ওভার। এটুকু সময়েই শ্রীলঙ্কাকে দুটি উইকেট এনে দেন অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথ। চন্দরপলকে মাহেলা জয়াবর্ধনের হাতের ক্যাচ বানিয়ে চন্দরপল-ন্যাশের ৯৯ রানের জুটি ভাঙেন মেন্ডিস। তাঁর আগেই অবশ্য সিরিজে প্রথম এবং ক্যারিয়ারে ৫৫তম হাফ সেঞ্চুরি (৫৪) পূর্ণ করেন চন্দরপল। পরের ওভারেই হেরাথের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট বড় ব্রাভো (ডোয়াইন ব্রাভো)। ৬২ রান নিয়ে এখনো উইকেটে আছেন ন্যাশ। সঙ্গী চার্লটন বাফ রানের খাতা খুলতে পারেননি। ওয়েবসাইট।