বৃষ্টির চোখরাঙানিকে বড় ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিতে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে মেসিদের ম্যাচ ঠিকভাবে আয়োজন করা যাবে কি না, এ নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। কিন্তু প্রকৃতির ওপর কারও হাত নেই। তাই একটা বিকল্প ভাবনা বের করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর ম্যাচ অনুষ্ঠানের ৩-৪ দিন আগে বৃষ্টি থাকলে পুরো মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে। আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক হেলাল বলছেন, ‘বৃষ্টি যেভাবে হচ্ছে, আমরা সত্যিই শঙ্কিত। এ অবস্থায় মূল মাঠটা অন্তত ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া যায়। অত বড় ত্রিপল তো আর পাওয়া যাবে না। জোড়া লাগিয়ে এটা করা যেতে পারে।’মাঠ না হয় ঢেকে রাখা গেল, কিন্তু মাঠটা কি মেসিদের মতো বিশ্ব মানের খেলোয়াড়দের উপযোগী করা যাবে—এই প্রশ্ন সেই শুরু থেকে থাকলেও এখনো মাঠের কাজ পুরোদমে শুরু হয়নি। ঘরোয়া ফুটবল চলার কারণে মাঠের অবস্থা এমনিতেই খারাপ। তার ওপর এখন বৃষ্টি। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। টানা বৃষ্টিতে জমে গেছে পানি। বিস্ময়কর শোনালেও হেলাল জানালেন, ‘আমরা ক্রীড়া পরিষদকে মাঠসহ আনুষঙ্গিক কাজ করে দিতে বলেছিলাম। কিন্তু সর্বশেষ খবর, আমরা বাফুফের উদ্যোগেই মাঠের কাজ শুরু করেছি।’ সেই কাজটা হলো, মাঠে সার দেওয়া, যাতে নতুন ঘাস ওঠে। পাশাপাশি বাজে ঘাসগুলো ছাঁটাই করার ব্যবস্থা হচ্ছে। সার দেওয়ার ফলে ঘাস ঘন হলে তখন তা ছেঁটে ছোট করা হবে। ঘাস ওঠানোর জন্য শেষ মুহূর্তে কাজ ধরা হয়েছে, কিন্তু ৮-১০ দিন পরই যখন মাঠ পরিদর্শনে বিশেষজ্ঞ দল আসবে, তখন কি ঠিকভাবে সবকিছু উপস্থাপন করা যাবে—এটা একটা বড় প্রশ্ন। কেননা, মাঠ তো আছেই, এখনো ড্রেসিংরুম, মেডিকেল রুম, ডোপিং কন্ট্রোলরুম, প্রেসবক্স সংস্কার হয়নি। কবে হবে, কেউ জানে না। সময় পর্যাপ্ত না থাকায় জোড়াতালি ও গোঁজামিল দেওয়ার বন্দোবস্তই চলছে।অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে স্টেডিয়ামের আনুষঙ্গিক কাজের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানালেন হেলাল। তার মানে টাকা আছে, কিন্তু কাজ হবে কবে? এটা জানার জন্য ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গত কয়েক দিন থেকে ফোনই ধরেন না!