বৃষ্টির দিনে ফুটবল-বিপত্তি
খেলা হলো ১ ওভার ৪ বল। এরপরই নামে বৃষ্টি এবং সেই বৃষ্টি কাল আর খেলাই হতে দিল না। জিম্বাবুয়ে যাওয়ার আগের শেষ দুই দিনের প্রস্তুতি ম্যাচটি আজ আবার প্রথম থেকে শুরু হবে। আগামীকাল ম্যাচ শেষে প্রস্তুতিও শেষ। এরপর তিনদিন ছুটি কাটিয়ে ২৭ জুলাই জিম্বাবুয়ে রওনা হবে বাংলাদেশ দল।তবে আজ-কালের প্রস্তুতি ম্যাচও নির্ভর করছে আবহাওয়ার মেজাজ-মর্জির ওপর। আবহাওয়া ভালো থাকলে খেলা হবে, না হলে এই দুটি দিন ইনডোরে অনুশীলন করেই কাটাবেন ক্রিকেটাররা।কালও বৃষ্টির সময়টাতে তাই করে কাটিয়েছেন অনেকে। ড্রেসিংরুমে একচোট ফুটবল খেলা হয়েছে এবং সেই খেলায় ঘটেছে ছোটখাটো একটা অঘটনও। একসঙ্গে হেড দিতে লাফিয়ে উঠেছিলেন দুই পেসার রুবেল ও রবিউল। বলে মাথা ছোঁয়াতে পারেননি কেউই। বরং মাথায় মাথায় ঠোকাঠুকি খেয়ে কপালে চারটি সেলাই পড়েছে রবিউলের। মেডিকেল রুম থেকে ব্যান্ডেজ নিয়ে যখন বের হচ্ছিলেন, ক্যামেরার সামনে রবিউলের আকর্ণ বিস্তৃত হাসি দেখেই বোঝা গেছে গুরুতর কিছু নয়। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীও জানালেন, ‘ও চাইলে এখনই খেলতে নামতে পারে। তবে যেহেতু কপালে সেলাই পড়েছে, ঝুঁকি এড়াতে দুই দিন বল করতে বারণ করা হয়েছে। আর কোনো সমস্যা নেই।’রবিউলের এই ইনজুরির তুলনায় বরং প্রস্তুতি ম্যাচ শুরু হতে না পারাটাই কালকের দিনের বড় ক্ষতি। কী আর করা, আবহাওয়ার ওপর তো কারও হাত নেই! দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম তাই বাস্তবতাকেই মেনে নিচ্ছেন, ‘১৪ মাস পর টেস্ট খেলব। জিম্বাবুয়ের কন্ডিশনও আমাদের অনুকূলে নয়। সে হিসেবে প্রস্তুতিটা কমই হয়ে গেল। তবে এটা তো আমাদের হাতে নেই।’ জানালেন, বিকল্প হিসেবে অনেকে ইনডোরে প্র্যাকটিস করছে। এ ছাড়া একটা প্র্যাকটিস ম্যাচ আছে জিম্বাবুয়েতেও। ওখানে গিয়ে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারলে বেশি সমস্যা হবে না বলেই তাঁর বিশ্বাস। ‘ওখানে কী হবে না হবে ভেবে আমাদের যা আছে তাই নিয়ে প্রস্তুতি নিতে হবে। আমরা ওটাই করছি’—বলেছেন মুশফিকুর।