কদিন ধরে ডাম্বুলায় ঝরঝর বৃষ্টি ঝরিয়ে বিতর্কের উত্তাপ কমানোর দায়িত্ব বুঝি প্রকৃতি নিজ হাতেই তুলে নিয়েছে। পরশু ম্যাচের নির্ধারিত দিনে কেবল টসটাই হয়েছিল। কাল ‘রিজার্ভ ডে’তেও বৃষ্টির বিরাম নেই। কাল ৪৩.৪ ওভার খেলা হলেও শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচটি, যেটি ফ্লাডলাইটের আলোয় হাজারতম এক দিনের ম্যাচ। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ভাগাভাগি করে নিল পয়েন্ট। ফলে পয়েন্ট তালিকায় আরও কোণঠাসা হয়ে পড়ল একটিও বোনাস পয়েন্ট না পাওয়া শ্রীলঙ্কা। ফাইনাল খেলতে হলে আগামীকাল ভারতের বিপক্ষে জিততেই হবে তাদের।পয়েন্ট ভাগ করায় শ্রীলঙ্কারই দুঃখ পাওয়ার কথা। উইকেট বিবেচনায় বড় সংগ্রহের ভিত গড়ে সাজঘরে বসেছিল তারা। ৪৩.৪ ওভারে তাদের স্কোর ২০৩/৩। রানের গতি বাড়িয়ে নিতে মাত্রই হাত খুলে মারতে শুরু করেছিলেন মাহেলা জয়াবর্ধনে। এমন সময়ই বৃষ্টির হানা। জয়াবর্ধনে অপরাজিত ছিলেন ৫৯ রানে। সাড়ে সাত মাস পর দলে সুযোগ পাওয়া চামারা সিলভা ছিলেন ৪১ রানে অপরাজিত। শ্রীলঙ্কার জন্য বোধ হয় আরেকটি দুঃখ যোগ করতে চলেছে এই ম্যাচ। মাত্রই রণদিভ-বিতর্ক পেছনে ফেলে আসা দলটির খোদ অধিনায়কের বিরুদ্ধে আনা হয়েছে আচরণবিধি ২ মাত্রার অভিযোগ। ম্যাচের ২৬তম ওভারের পঞ্চম বলে রান নেওয়ার সময় নাথান ম্যাককালামকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। এ নিয়ে হালকা বাদানুবাদও হয়েছে। শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপ। বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়নি। ম্যাচ রেফারির সামনে হাজির হতে হবে সাঙ্গাকারাকে। শাস্তি একটা হয়েছে ম্যাচ চলার সময়ও। নতুন স্পেল শুরুর সময় উইকেটে ‘গা-গরমের বল’ করায় আম্পায়াররা আধ ঘন্টা বোলিং করতে দেননি কিউই পেসার মিলসকে।বৃষ্টিও যে উত্তাপ শেষ পর্যন্ত কমাতে পারল না!