বৃষ্টির পর নাঈম-ধীমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাঞ্চ বিরতি শুরু হলো, সেই সঙ্গে শুরু তুমুল বৃষ্টি। ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে মাঠ প্রায় ভেসে যাওয়ার মতো অবস্থা। এমনও মনে হচ্ছিল, জাতীয় লিগ ফাইনালের দ্বিতীয় দিনের খেলা বোধ হয় ওখানেই শেষ!শেরেবাংলা স্টেডিয়াম বলে কথা! বৃষ্টি থামার পর কিউরেটর-গ্রাউন্ডসম্যানদের চেষ্টায় বেলা সাড়ে তিনটার দিকে আবার শুরু হলো ম্যাচ। দিনের বাকি সময়টায় বোলিং হলো আরও ৩১ ওভার। বৃষ্টিকে শেষ পর্যন্ত হার মানানো এই দিনে ঘুরে দাঁড়িয়েছে রাজশাহীও—দিনের শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৭ রান। প্রথম ইনিংসে ঢাকাকে টপকাতে বাকি ৬ উইকেটে আর ১০৪ রান করতে হবে তাদের।বৃষ্টির আগে এবং পরেও শঙ্কা জেগেছিল রাজশাহীর ব্যাটিং বিপর্যয়েরই। লাঞ্চে যাওয়ার আগেই ৫৭ রানে নেই দুই ওপেনার জুনায়েদ-জহুরুল ও ফরহাদ হোসেনের উইকেট! লাঞ্চের পর পঞ্চম ওভারে বিদায় নিলেন মুশফিকুরও। জুনায়েদের প্রথম উইকেটটা শরীফ নিলেও বাকি ৩ উইকেট নিয়ে রাজশাহীকে বিপদে ফেলেন আরেক পেসার শাহাদাতই। তবে ৭১ রানে ৪ উইকেট হারানো রাজশাহী যে বৃষ্টিভেজা কন্ডিশনেও দিনের শেষে আর কোনো উইকেট না হারিয়ে ১৭৭ রান করে ফেলবে, সেটা ভাবা কঠিন ছিল তখন।পঞ্চম উইকেটে কঠিন কাজটাই করে দেখালেন নাঈম ও ধীমান। ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচে ফেরালেন দলকে। নাঈমের কথা আলাদা করেই বলতে হয় কারণ, ‘ছক্কা নাঈম’ চরিত্র বদলে এখানে তিনি পুরোপুরি টেস্ট ব্যাটসম্যান! চার নম্বরে নেমে ১১৯ বল খেলে ৪২ রানে অপরাজিত দিনশেষে। ৬২ বলেই ফিফটি করে ফেলা ধীমান অবশ্য অতটা শান্ত ছিলেন না। ৮৬ বলে ১০ বাউন্ডারিসহ ৬৬ রানে অপরাজিত তিনি। ফরহাদ হোসেন (৫৩৫) ও রাজিন সালেহকে (৫৬৯) টপকে ধীমান এখন এবারের লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার (৫৮৩)। হাতে এখনো দুই ইনিংসই থাকায় স্বপ্ন দেখতে পারেন শীর্ষে থাকা নাসিরুদ্দিন ফারুককেও (৬৩২) টপকানোর। যদিও হাস্যকরভাবে সর্বোচ্চ রান-উইকেটের হিসাবে এবার ফাইনালের পারফরম্যান্স যোগ না করার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি।ঘুরে দাঁড়ানোর দিনে একটা দুঃসংবাদও শুনতে হয়েছে রাজশাহীকে। আউটের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করায় জুনায়েদকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।