বৃষ্টির পেটে পুরো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু থেকেই বৃষ্টি পিছু নিয়েছে ফ্রেঞ্চ ওপেনের। বৃষ্টির বাগড়ায় রোলাঁ গারোয় এবার খুব কম দিনই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ শেষ করতে পেরেছেন আয়োজকেরা। তবে গতকাল যা হলো, গত ১৬ বছরে হয়নি ফ্রেঞ্চ ওপেনে। ২০০০ সালের পর এই প্রথম বৃষ্টি খেয়ে ফেলল টুর্নামেন্টের পুরো একটা দিন। ভারী বর্ষণের কারণে সোমবার একটি ম্যাচও হতে পারেনি।

শুরু থেকেই বৃষ্টির উৎপাতে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শেষ করা নিয়ে এমনিতেই বিপাকে আয়োজকেরা। তারপর গতকালের ভারী বর্ষণ ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। গতকাল ১৬টি ম্যাচ হওয়ার কথা ছিল রোলাঁ গারোয়। এর সঙ্গে আগের দিন সম্পন্ন না হতে পারা দুটি ম্যাচও। সবগুলো ম্যাচই আজ শেষ করার চাপ আয়োজকদের মাথায়।

পরশু হওয়া ম্যাচে দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে আমেরিকার ‘ম্যারাথন ম্যান’ জন ইসনারকে এবং তৃতীয় বাছাই সুইস স্তান ভাভরিঙ্কা হারিয়েছেন সার্বিয়ার ভিক্টর ত্রইচকিকে। পঞ্চম বাছাই জাপানের কেই নিশিকোরি হেরে গেছেন রিচার্ড গ্যাসকুয়েটের কাছে। মহিলা বিভাগে আমেরিকার শেলবি রজার্স জিতেছেন রোমানিয়ার ইরিনা বেগুর বিপক্ষে। এএফপি।