বৃষ্টির প্রার্থনায় দক্ষিণ আফ্রিকা
দুজনই দক্ষিণ আফ্রিকান। একজনের মুখ ইডেনের মেঘলা আকাশের চেয়েও ভার হয়ে আছে। আরেকজন আনন্দে উজ্জ্বল। প্রথমজন গ্যারি কারস্টেন, দ্বিতীয়জন গ্রায়েম স্মিথ।আজ কলকাতা টেস্টের শেষ দিনে কার মুখ কালোই থাকবে আর কার মুখে খেলা করবে রৌদ্রোজ্জ্বল আনন্দের আভা, সেটি অনেকাংশে নির্ভর করছে ওই মেঘের ওপরই। হারতে বসা টেস্টটা ড্র করে ফেলার দারুণ সম্ভাবনা জেগেছে দক্ষিণ আফ্রিকার। বৃষ্টি আর আলোর অভাবে কাল সারা দিনে খেলা হয়েছে মাত্র ৩৪.১ ওভার।আজও প্রকৃতির আশীর্বাদ পেলে টেস্টটা ড্র করে ফেলতে পারে সফরকারীরা। ৩ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৩২ রান পেছনে। আজ খেলা হওয়ার কথা ৯৮ ওভার। সিরিজে এরই মধ্যে ৪১৬ রান তুলে ফেলা হাশিম আমলা বড় ভরসা হয়ে আছেন ৪৯ রান নিয়ে। আমলার সঙ্গী অ্যাশওয়েল প্রিন্স এখনো রানের খাতা খোলেননি।কাল সারা দিনে যে আড়াই ঘণ্টার মতো খেলা হয়েছে, তাতেই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়েছে ভারত। আলভিরো পিটারসেনকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রথম সেশনের প্রথম ঘণ্টাটি নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছেন গ্রায়েম স্মিথ। ‘দরকার হলে আঙুল কেটে ফেলেও এই টেস্ট খেলবেন’ ম্যাচের আগে দারুণ উজ্জীবনী বাণী দেওয়া প্রোটিয়া অধিনায়ক অবশ্য শেষ পর্যন্ত ব্যাট হাতে সে রকম কিছু করতে পারেননি। দিনের দ্বাদশ ওভারে আউট হয়েছেন অমিত মিশ্রর বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে। সিরিজে এখন পর্যন্ত ভারতের সফলতম বোলার জহির খান কাল সুবিধা করতে পারছিলেন না। অন্য পেসার ইশান্ত শর্মার অবস্থাও তথৈবচ। মিশ্রকে একটু আগেভাবেই আক্রমণে আনতে হয় ধোনিকে। সিরিজে একেকটি উইকেটের জন্য তীর্থের কাক হয়ে চেয়ে থাকা সেই মিশ্রই প্রথম বলেই ফিরিয়ে দেন ২০ রান তুলে ফেলা স্মিথকে। এক ওভার পরেই লাঞ্চ।লাঞ্চের পর চতুর্থ ওভারে হরভজন সিং ফিরিয়ে দেন অন্য ওপেনার পিটারসেনকে, ‘কেভিন’কে হারানোর দুঃখ যাঁর অভিষেক সেঞ্চুরিতে ভুলেছিল দক্ষিণ আফ্রিকা। হরভজনের পরের ওভারেই আমলা ক্যাচ তুলে দিয়েছিলেন। ব্যাকওয়ার্ড শর্ট লেগে ক্যাচটা নিতে পারেননি মুরালি বিজয়। নিতে পারলে বৃষ্টিবিঘ্নিত দিনের পরও আরও তৃপ্তি নিয়ে ঘুমাতে পারতেন ধোনি। অবশ্য মিশ্রর ক্লাসিক এক লেগ স্পিন ডেলিভারির শিকার হয়ে ফিরে গেছেন জ্যাক ক্যালিস।সেই ক্যালিসই আবার দিন শেষে সতীর্থদের সাহস জোগাচ্ছেন, ‘আবহাওয়া আমাদের ভালোমতোই সাহায্য করেছে। অবশ্য উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ ভালোই আছে। খানিকটা টার্ন আছে। সেটা তো এই উপমহাদেশের উইকেটগুলোতে থাকবেই।’টেস্টটা ড্র না করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি, ‘পেসারদের জন্য উইকেটে কিছু নেই। আর স্পিনারদের তো আমরা ভালোমতোই সামলে এসেছি। ৯০টার মতো ওভার পার করে দেওয়া তাই কোনো ব্যাপার না।’ক্যালিসেরই সাবেক সতীর্থ, এখনকার ভারত কোচ কারস্টেন আবার জানাচ্ছেন, আজ ৪০-৫০ ওভার পেলেও চলবে তাঁদের। দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিতে এ-ই নাকি যথেষ্ট তাঁর স্পিনারদের। অবশ্য ‘প্রকৃতি-প্রদত্ত’ হতাশাটাও আড়াল করতে পারলেন না, ‘এখন পর্যন্ত এই টেস্টটা আমাদের দারুণ কেটেছে। ভালো ক্রিকেটে খেলেছি আমরা। ম্যাচে এখনো আমরা সুবিধাজনক অবস্থানে। জেতার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করব। আজ ৫০ ওভারের মতো পেলে ভালো হতো। কিন্তু কী আর করা যাবে। প্রকৃতির বিপক্ষে তো আমরা লড়াই করতে পারি না।’ এএফপি, ওয়েবসাইট।