বৃষ্টির ফাঁকে ফাঁকে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিনে হতে পেরেছিল মাত্র ১.৪ ওভার। বৃষ্টি যথেষ্ট বাগড়া দেওয়ার চেষ্টা করেছে কালও। কয়েক দফায় খেলা বন্ধ হয়েছে বৃষ্টি-বাধায়। তার পরও যে সারা দিনে ৭০ ওভারের মতো খেলা হলো, কম প্রাপ্তি তো নয়।প্রাপ্তিটাকে অবশ্য ঠিকভাবে কাজে লাগাতে পারেননি জাতীয় দলের ব্যাটসম্যানরা। ১৪ মাস পর টেস্ট খেলার অপেক্ষায় থাকা দল একাডেমি দলের বিপক্ষে গুটিয়ে গেছে ৬০ ওভারের মধ্যেই। প্রথম প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফীস রান পেয়েছেন কালও। কিন্তু ভালো শুরুটাকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি ইমরুল, মাহমুদউল্লাহ, মুশফিক, শুভাগতরা। শেষ বিকেলে একাডেমির দুই ওপেনারকে ফিরিয়েছেন রবিউল ও রাজ্জাক।দীর্ঘদিন পর আবারও প্রিয় প্রতিপক্ষের (জিম্বাবুয়ে) মুখোমুখি হওয়ার আগে যেন নিজের সেরা ফর্মেই ফিরছেন শাহরিয়ার। ১০৪ বলে ৭২ রানের ইনিংসটায় চার মেরেছেন ১৩টি। তবে দৃষ্টিনন্দন ইনিংসটার শেষটা হয়েছে দৃষ্টিকটুভাবে। বাঁহাতি স্পিনার শাকের আহমেদের বলে কটবিহাইন্ডের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। সিদ্ধান্ত মনঃপূত না হওয়ায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। মাঠও ছাড়লেন গজরাতে গজরাতে। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন এই ম্যাচে দলের অধিনায়ক মুশফিকুর রহিমও। প্রতিপক্ষ দলে থাকা উত্তরসূরিরা নিশ্চয়ই ভালো বার্তা পায়নি তাঁদের ‘নায়কদের’ কাছ থেকে!আগের ম্যাচে রান পাওয়া আশরাফুল কাল পুরোপুরি ব্যর্থ। শাকেরকে দারুণ এক কভার ড্রাইভে চার মেরে শুরু করেছিলেন মাহমুদউল্লাহ, পরের ওভারে অফ স্পিনার সোহাগকে উড়িয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে। ২৫ বলে ২৯ করে আউট হয়েছেন সোহাগের বলেই। আক্রমণাত্মক খেলেছেন শুভাগতও (৩৮ বলে ৩৬), শফিউলের ৩৪ বলে ৩৪ রানে দল ছাড়িয়েছে আড়াই শ। ৪ উইকেট নিয়ে একাডেমির সফলতম বোলার সোহাগ গাজী। সংক্ষিপ্ত স্কোর: জাতীয় দল: ৫৯.৩ ওভারে ২৫৮ (ইমরুল ২০, নাফীস ৭২, জুনায়েদ ৮, আশরাফুল ০, মুশফিকুর ১৮, মাহমুদউল্লাহ ২৯, শুভাগত ৩৬, নাসির ১৩, রাজ্জাক ১০, শফিউল ৩৪, নাজমুল ৭*; সোহাগ ৪/৯৪, আল আমিন ২/১২, শাকের ২/৪৯, শিহাব ১/১৮, কামরুল ১/২৫)। একাডেমি দল: ৯ ওভারে ২৪/২ (মজিদ ৮, মাহমুদ ০, তাসামুল ১০*, আলাউদ্দিন ৪*; রাজ্জাক ১/৫, রবিউল ১/১২)।