বৃষ্টির হাতে ঢাকা টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেট পাওয়ার আনন্দ! মিরপুর টেস্টে কাল নিউজিল্যান্ডের যে ৩টি উইকেট পড়েছে, ৩টিই সাকিব আল হাসান নিয়েছেন তাঁর ঘূর্ণি-জাদুতে ষ ছবি: শামসুল হক
উইকেট পাওয়ার আনন্দ! মিরপুর টেস্টে কাল নিউজিল্যান্ডের যে ৩টি উইকেট পড়েছে, ৩টিই সাকিব আল হাসান নিয়েছেন তাঁর ঘূর্ণি-জাদুতে ষ ছবি: শামসুল হক

এই টেস্টের নায়ক হতে পারতেন তামিম ইকবাল। হতে পারেন নিল ওয়াগনার, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন কিংবা অন্য কেউও। নায়কের চেহারাটা এখনো স্পষ্ট না হলেও ঢাকা টেস্টের সামনে এরই মধ্যে দাঁড়িয়ে গেছে এক ভিলেন। ভিলেনের নাম বৃষ্টি।
পরশু প্রথম দিনে খেলা হতে পেরেছিল ৫৪.৪ ওভার। চা-বিরতির সময় বৃষ্টি নেমে সেটি ভাসিয়ে দিল শেষ সেশন। আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে কাল সেই বৃষ্টি নামল চা-বিরতিরও ২৬ মিনিট আগে।
পরিণতি আগের দিনের মতোই—দ্বিতীয় দিনের খেলা ওখানেই শেষ। বৃষ্টি নামার আগ পর্যন্ত খেলা হলো ৫৩.৪ ওভার।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য ঘটনার ঘনঘটা। ৪০০ রানকে পাখির চোখ করে আবার ব্যাটিং শুরু করা বাংলাদেশ অলআউট হয়ে গেল ২৮২ রানে, নিউজিল্যান্ডের পেসার ওয়াগনার টেস্টে প্রথমবারের মতো নিলেন ৫ উইকেট, প্রথম ইনিংসে ১০৭ রান তুলতে নিউজিল্যান্ডও হারিয়ে ফেলল তিনজনকে। তিনটি উইকেটই নিয়ে সাকিব আল হাসান হয়ে গেলেন দেশের মাটিতে বাংলাদেশের সফলতম বোলার।
চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার কারণেই কি না চট্টগ্রাম টেস্টে বোলার সাকিবকে চেনাই যায়নি। ২ উইকেট নিলেও নিজের ছায়া হয়ে ছিলেন এই বাঁহাতি স্পিনার। কালকের সাকিব আবার পরিচিত চেহারায়। লাঞ্চের ঠিক আগে প্রথম দুটি উইকেট নিলেন পরপর দুই ওভারে। ওপেনার হামিশ রাদারফোর্ডকে শর্ট লেগে ক্যাচ বানিয়ে ভাঙলেন নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। পরের ওভারে আরেক ওপেনার পিটার ফুলটনকে ফেললেন এলবিডব্লুর ফাঁদে। লাঞ্চের আগে ১৪.২ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ২ উইকেটে ৩২।
সাকিব এরপর ফিরিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকেও। তবে এই উইকেটে সাকিবের যতটা না কৃতিত্ব, তার চেয়ে বেশি বোধ হয় ফিল্ডার রুবেল হোসেনের। পুল করেছিলেন ম্যাককালাম। ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো রুবেল প্রথমে ফ্লাইটটা ঠিকভাবে আন্দাজ করতে না পারলেও শেষ পর্যন্ত শূন্যে ভেসে লুফে নিলেন অসামান্য এক ক্যাচ। সেটি নেওয়ার পর মাঠে পড়ে কোমরে ব্যথাও পেলেন। ফিজিও-ট্রেনারের ছোটাছুটিতে মনে হলো মারাত্মক কিছু। তবে পরের ওভারেই বোলিং করে রুবেল নিশ্চিন্ত করলেন সবাইকে। সাকিবকে উইকেট দিলেও নিজে উইকেট পাননি। তবে বিধ্বংসী এক বাউন্সারে রুবেল কিছু সময়ের জন্য মাঠের বাইরে পাঠাতে পেরেছেন উইলিয়ামসনকে। অবশ্য পরে আবার ব্যাটিংয়ে ফিরে দিন শেষে দুই অপরাজিত ব্যাটসম্যানের একজন তিনিও।
বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৭৫ রান পিছিয়ে নিউজিল্যান্ড। সেটির মূল কারণ বাংলাদেশের প্রথম ইনিংসের অতৃপ্তি-জাগানিয়া সমাপ্তি। প্রথম দিনের ৫ উইকেটে ২২৮ রানের সঙ্গে কাল আর মাত্র ৫৪ রান যোগ করতেই শেষ ৫ উইকেট নেই। স্কোরকার্ড বলবে, ওয়াগনারের ৫ উইকেটই মূল কারণ। কালকের ৫ উইকেটের মধ্যে তিনটিই ওয়াগনারের। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবদানও এতে কম নয়। অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে গালিতে ক্যাচ হলেন মুশফিক। সোহাগ গাজী আর রুবেলও আউট হলেন প্রায় একইভাবে। তবে আউট হওয়ার আগে লং অনের ওপর দিয়ে সোহাগ ওই ওয়াগনারকেই মেরেছেন ইনিংসের প্রথম ছক্কা। অন্যটি মেরেছেন রাজ্জাক।
টেস্টের ম্যাচ রিপোর্টে ছক্কা-টক্কার কথা খুব একটা আসে না। তার পরও এখানে তা আসছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ধরনের কারণে। আগের টেস্টের প্রথম ইনিংসে পাঁচ শ ছাড়ানো স্কোর প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছিল অনেক। এখানে টসে জিতে প্রথমে ব্যাটিং নিউজিল্যান্ডকে চাপে ফেলার সুবর্ণ সুযোগ হয়ে এসেছিল। সেটি কাজে লাগাতে না পারার মূল্যটা অনেক বড় হয়ে যাওয়ার ভয় তো থাকছেই!