বৃহস্পতির মেসি, মেসির বৃহস্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির পায়ের স্পর্শে উড়ছে বল। নাইজেরিয়ান দেয়াল পেরিয়ে গোলকিপারকে সম্মোহিত করে এই বল আশ্রয় নিয়েছে জালে l রয়টার্স
মেসির পায়ের স্পর্শে উড়ছে বল। নাইজেরিয়ান দেয়াল পেরিয়ে গোলকিপারকে সম্মোহিত করে এই বল আশ্রয় নিয়েছে জালে l রয়টার্স

লিওনেল মেসি এই গ্রহের কেউ নন। আমজনতা থেকে ফুটবলবোদ্ধা, গত কয়েক বছরে কতজন কতবার নানাভাবে বলেছেন এই কথা! মেসি অন্য কিছু, মেসি অন্য গ্রহের। কিন্তু কোন গ্রহের?
মেসিকে থামাতে না পারলেও তিনি কোন গ্রহের, এত দিনে সেটা ধরতে পেরেছেন স্টিফেন কেশি। মেসি-জাদু তিনি আগেও দেখেছেন। পরশু আরেকবার দেখার পর নাইজেরিয়া কোচের উপলব্ধি, ‘মেসি অবিশ্বাস্য এক ফুটবলার। অসাধারণ ফুটবলার আরও কজন আছে এখন, কিন্তু মেসি সবার ওপরে। সে অন্য গ্রহের কেউ। আমার ধারণা, মেসি এসেছে বৃহস্পতি থেকে!’
তা বৃহস্পতি থেকেই আসুন বা সৌরজগতের অন্য কোনো প্রান্ত থেকে, একটা ব্যাপার নিশ্চিত, মেসির বৃহস্পতি এই বিশ্বকাপে তুঙ্গে। আগের দুই ম্যাচের প্রায় বেশির ভাগজুড়েই বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু দুই ম্যাচেই বিশেষ এক জাদুকরি মুহূর্তে যা করেছেন, তাতে তাঁর প্রশংসা থামানোই মুশকিল! পরশু তো ছিলেন নিজের সেই ‘অন্য গ্রহের’ চেহারায়। দুর্দান্ত দুটি গোল, আরও কয়েকবার গোলের কাছাকাছি। সেই ভয়াল সুন্দর দৌড়ে প্রতিপক্ষের রক্ষণে বারবার আতঙ্ক ছড়ানো। ডিফেন্সচেরা পাস। নকআউট যুদ্ধের আগে দলের মূল হাতিয়ারকে বিশ্রাম দিতে ৬৩ মিনিটে উঠিয়ে নিয়েছিলেন কোচ। না হলে পরশু হ্যাটিট্রক হয়ে যেতে পারত, জয়ের ব্যবধানও হতে পারত আরও বড়।
গ্রুপপর্বে মেসির প্রাপ্তি আর আর্জেন্টিনার শঙ্কা—দুটোই এখানেই। তারায় ভরা আক্রমণভাগ। কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনার ৫ গোলের ৪টিই এসেছে মেসির পা থেকে, বাকিটি ডিফেন্ডার মার্কোস রোহোর। ক্লাবের ফর্ম যেন ম্যানচেস্টারেই রেখে এসেছেন সার্জিও আগুয়েরো, ৩ ম্যাচেই গঞ্জালো হিগুয়েইনকে মনে হয়েছে নবিশ এক স্ট্রাইকার। বলতে গেলে কেবল মেসির ভেলাতে ভেসেই গ্রুপ চ্যািম্পয়ন আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে মেসির জাদুর ছেঁায়ায় কস্টার্জিত জয়, পরশুর জয় তো আরও বেশি মেসিময়। মেসি উঠে যাওয়ার পর আর্জেন্টিনাকে মনে হয়েছে ভিন্ন এক দল!
আগের দুটির মতো পরশুর গোল দুটিও হয়েছে দুর্দান্ত। দুটির আবার আলাদা সৌন্দর্য। প্রথম গোলটি খালি চোখে দেখতে যতটা সহজ মনে হয়েছে, নিখুঁত ফিনিশিং ছিল ততটাই কঠিন। অ্যাঙ্গেল ডি মারিয়ার শটটা প্রথমে বারে লাগে। এরপর নাইজেরিয়ার গোলকিপার ভিনসেন্ট এনিয়েমার মাথায় লেগে ফিরে আসে বক্সে। যে উচ্চতায় ছিল বলটি, অনেকের ক্ষেত্রেই হয়তো শট চলে যেতে বার উঁচিয়ে। কিন্তু তিনি তো মেসি! গোলকিপার জায়গামতো ছিলেন না, তবে গোললাইনে দাঁড়িয়ে ছিলেন দুজন নাইজেরিয়ান। যতটা উচ্চতায় শট নেওয়া প্রয়োজন, মেসি নিয়েছিলেন ঠিক ততটা উচ্চতায়ই। তীব্রগতি তো ছিলই।
আর এই ফ্রি-কিক যেন ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই আশি-নব্বইয়ের দশকে। এই সময়ের নাকলবল ধরনের খুনে ফ্রি-কিক নয়, ছিল একটা অলস সৌন্দর্য। ধ্রুপদি বাঁকানো ফ্রি-কিক, অনেকটা সেই জিকো-ম্যারাডোনার মতো। ফ্রি-কিকটিতে ছিল যেন সম্মোহনী শক্তি, গোলকিপার এনিয়েমা যেমন তাকিয়ে ছিলেন সম্মোহিতের মতো। অথচ খানিক আগেই এই এনিয়েমা দুর্দান্ত ড্রাইভে ফিরিয়ে দিয়েছিলেন মেসির ৩০ গজি ফ্রি-কিক। গোল করা ফ্রি-কিকটির মাহাত্ম্য বেড়ে যাচ্ছে এখানেই। এবার কিছুই করার ছিল না এনিয়েমার।
আগের দুই ম্যাচে জিতলেও দলের খেলা খুশি করতে পারেনি মেসিকে। কিন্তু পরশু খুশি আর্জেন্টিনা অধিনায়ক, ‘দুটি গোল খেয়েছি, তার পরও আজ (পরশু) দারুণ খেলেছে দল। অনেক ভালো আর্জেন্টিনাকে দেখা গেছে, আগের চেয়ে উন্নতি হয়েছে। তবে শান্ত থেকে এগিয়ে যেতে হবে আমাদের। স্বপ্নপূরণ এখনো দূরের পথ।’
স্বপ্নটা কী, খুলে না বললেও চলে। তবে মেসির মুখ থেকে শুনলে সেটাকে যেন আরও স্বপ্নময় মনে হয়, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর গোটা দেশকে আনন্দে ভাসানোর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে!’ এএফপি, রয়টার্স, ফিফাডটকম, ইয়াহু স্পোর্টস।