বেঁচে গেল কলাবাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবনমনের শঙ্কা দূর হয়ে গেল কলাবাগান ক্রীড়াচক্রের। কাল বিকেএসপিতে বাঁচা-মরার লড়াইয়ে ব্রাদার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তাই আনন্দের উপলক্ষ হয়ে এসেছে দলটির জন্য। ব্রাদার্সকে এখন লিগে টিকে থাকার জন্য রেলিগেশন প্লে-অফ খেলতে হবে বাংলাদেশ বিমানের সঙ্গে। ব্রাদার্স ও কলাবাগান দুই দলেরই পয়েন্ট ৬, কিন্তু কাল মুখোমুখি লড়াইয়ে জয়ে বেঁচে গেল কলাবাগান। অথচ প্রথম ৮ ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট পাওয়া কলাবাগানকেই চোখ রাঙাছিল অবনমন।ফতুল্লায় দিনের অন্য ম্যাচে সিসিএসকে ৬৬ রানে হারিয়েছে ভিক্টোরিয়া। ১০ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের দল প্রথম পর্ব শেষ করল দ্বিতীয় স্থানে। প্রথম পর্বের শেষ ম্যাচে প্রথম ফিফটি পেলেন অধিনায়ক সাকিব আল হাসান (৫৩)। ফিফটি করেছেন তামিম ইকবালও (৫০), লিগে যা তাঁর চতুর্থ হাফ সেঞ্চুরি। এই দুটি ফিফটির পরও ভিক্টোরিয়া করতে পেরেছিল ‘মাত্র’ ২১৬।৭৫ রানে ৭ উইকেটে হারিয়ে ফেলা সিসিএসের কাছে অবশ্য এই রানই হয়ে গেছে পাহাড়সম। অষ্টম উইকেট সুলেমান ও ফোরকান ৬৩ রানের জুটি গড়লেও ১৫০ রানের বেশি করতে পারেনি দলটি। ভিক্টোরিয়ার পেসার মুক্তার আলী ২০ রানে পেয়েছেন ৪ উইকেট।বিকেএসপিতে মাত্র ৬১ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ব্রাদার্স। ১০ নম্বরে নেমে জাতীয় দলের স্পিনার আবদুর রাজ্জাকের ৩১ রানেই শেষ পর্যন্ত ১১৯ রান করে গোপীবাগের দলটি। কলাবাগানের অফ স্পিনার সোহাগ গাজী ৩টি ও শ্রীলঙ্কান সনাৎ জয়াসুরিয়া নিয়েছেন ২টি উইকেট। খুলনার হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসা জয়াসুরিয়া কাল হঠাৎ করেই খেলেছেন কলাবাগানের হয়ে। ১১৯ রান টপকাতে তাদের খেলতে হয়েছে ৩৯ ওভার। ব্রাদার্স-বিমানের প্লে-অফ আজ বিকেএসপিতে। ওল্ড ডিওএইচএস, ভিক্টোরিয়া, গাজী ট্যাংক, আবাহনী, মোহামেডান ও শেখ জামালকে নিয়ে সুপার লিগ শুরুর তারিখ পরে জানানো হবে। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে বিপিএল-বিরতি।