গুগটেনের ক্যাচ উইকেটকিপার তালুবন্দী করার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠল দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়েরা। যত না জয়ের উল্লাস, তার চেয়ে বেশি বোধ হয় বড় একটা লজ্জা থেকে বাঁচার স্বস্তি।
হ্যাঁ, সিলেটের পর চট্টগ্রামে আরেকটি ‘কমলা রূপকথা’র জন্ম হয়েই গিয়েছিল প্রায়! আহসান মালিকের ৫ উইকেটের পর মাইবার্গের ব্যাটিং-ঝড় সেই সম্ভাবনা ভালোই জাগিয়েছিল। শেষ পর্যন্ত যে তা হলো না, তাতে ভাগ্যের ভূমিকা তো আছেই, হয়তো অভিজ্ঞতার অভাবও।
আগের ম্যাচে ৩৯ রানের দুঃস্বপ্ন থেকে এমন দুর্দান্ত প্রত্যাবর্তনের পরও ডাচ অধিনায়ক পিটার বোরেনের কণ্ঠে তাই হতাশা, ‘আজ একটি অঘটন ঘটতে পারত। মাঝখানে অনেকগুলো উইকেট হারিয়ে ফেলায় তা আর হলো না।’
মালিকের ১৯ রানে ৫ উইকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সেরা বোলিং। প্রাথমিক পর্ব ধরলে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটও এই পেসারের (১২)।
দক্ষিণ আফ্রিকার ১৪৫-কে আরও ছোট মনে করাচ্ছিল মাইবার্গের ব্যাটিং-ঝড়। অষ্টম ওভারে আউট হওয়ার আগে ২৮ বলে ৫১ রান। ম্যাচটা তখন ডাচদের হাতের মুঠোয়। ৫৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে সেটি একরকম ফেলেই দিল তারা।
মাইবার্গ আউট হওয়ার সময় ডাচদের প্রয়োজন ছিল ৭৩ বলে ৬৬ রান, হাতে ৮ উইকেট। ‘খুবই সম্ভব’ এই সমীকরণকেও অসম্ভব বানিয়ে দেওয়ার কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত লেগস্পিনার ইমরান তাহিরের। ২১ রানে ৪ উইকেট নিয়ে মালিক-মাইবার্গকে ছাপিয়ে তিনিই ম্যাচসেরা। জন্মদিনে এই স্বীকৃতি পাওয়ার পর ম্যাচ শেষে সেই ইমরান তাহিরও স্বীকার করলেন, একটা সময় ম্যাচ হেরে যাওয়ার শঙ্কা খেলা করছিল তাঁর মনেও।
হল্যান্ডের ইনিংসের শুরুতে যে ঝড় তুলেছেন মাইবার্গ, দক্ষিণ আফ্রিকান ইনিংসের শুরুতে সেটিকেও ছাড়িয়ে গিয়েছিলেন হাশিম আমলা। এই বিশ্বকাপ শুরুর আগেই টি-টোয়েন্টিতেও নিজেকে চেনানোর প্রতিজ্ঞার কথা জানিয়েছিলেন। মাত্র ২২ বলে ৪৩ রানের ইনিংসে তা ভালোই চেনালেন বটে! প্রথম ওভারেই ডি কককে ফিরিয়ে দিয়েছিলেন সোয়ার্ট। সেই সোয়ার্টেরই পরের ওভার থেকে আমলা নিলেন ২৩ রান, যাতে ছিল একটি ছয় ও চারটি চার।
পঞ্চম ওভারে যখন মালিকের প্রথম শিকারে পরিণত হয়ে যখন ফিরছেন, স্কোরবোর্ডটা অদ্ভুত দেখাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার রান ৪৫ আর আমলার একারই ৪৩!
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৫/৯ (আমলা ৪৩, ডু প্লেসিস ২৪, ডি ভিলিয়ার্স ২১; মালিক ৫/১৯)। হল্যান্ড: ১৮.৪ ওভারে ১৩৯ (মাইবার্গ ৫১, টম কুপার ১৬; তাহির ৪/২১, স্টেইন ২/১৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইমরান তাহির।