বেঁচে গেল ফার্গির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে সমর্থকদের সহ্যক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নেওয়ার পরই নিশ্চিত হয়েছে রেড ডেভিলদের পরের পর্বে উত্তরণ। অতিরিক্ত আত্মবিশ্বাসের মূল্য দিয়ে পরশু দ্বিতীয় লেগে আয়াক্স আমস্টারডামের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানইউ। তবে প্রথম লেগে আমস্টারডামে পাওয়া ২-০ গোলের জয়টিই পার করে দিয়েছে ফার্গুসনের দলকে। দুই লেগ মিলিয়ে ব্যবধানটা ৩-২।অনভিজ্ঞ রক্ষণভাগ নিয়ে খেলতে নামার মাশুল প্রায় চুকাতেই হচ্ছিল ইউনাইটেডকে। খেলার একেবারে শেষ মুহূর্তে গোলরক্ষক ডেভিড ডি গিয়া অসাধারণ তৎপরতায় ক্রিস্টিয়ান এরিকসনের হেডটি না বাঁচালে অ্যাওয়ে গোলে আয়াক্সই উঠে যেত পরের পর্বে। ম্যাচের দ্বিতীয়ার্ধে পাত্তাই পায়নি ম্যানইউ। বিশেষ করে শেষ ১৫ মিনিটে ডাচ ক্লাবটির সাঁড়াশি আক্রমণে ছিন্নভিন্ন হয়েছে ম্যানইউর রক্ষণ। ৮৭ মিনিটে টবি অল্ডারওয়ারেল্ডের জয়সূচক গোলের পর মনে হয়েছিল ম্যানইউর কপালে আরও দুঃখ আছে। অতিরিক্ত সময়টা মাত্র দুই মিনিট না হলে কিংবা ডি গিয়া ওই সেভটা না করলে আয়াক্সই হয়তো খেলত শেষ ষোলোয়। ম্যাচের শুরুটা হয়েছিল পুরো উল্টোভাবেই। ৬ মিনিটেই হাভিয়ের হার্নান্দেজের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরাই। ৩৯ মিনিটে আরাস ওজবিলিজের গোলে সমতা আনার আগে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। হ্যাঁচোড়প্যাঁচোড় করে শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার পুরো দায়টাই নিজের কাঁধেই নিয়েছেন অ্যালেক্স ফার্গুসন। পরের পর্বে স্পেনের অ্যাথলেটিক বিলবাওকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া ইউনাইটেডের কোচ ম্যাচ শেষে বলেছেন, ‘দলটা নির্বাচনের দায়িত্ব পুরোপুরিই আমার ছিল এবং আজ রাতে রক্ষণভাগের চারটি পজিশনেই খুব তরুণ খেলোয়াড় নিয়ে ফেলেছি। অভিজ্ঞতার দিক দিয়ে দেখলে এটাই বড় সমস্যা ছিল। আমি বড্ড বেশি ঝুঁকি নিয়েছিলাম।’আগের দিনই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে ইউরোপা লিগের ফাইনাল হতে পারে আরেকটি ম্যানচেস্টার ডার্বি। এই সম্ভাবনায় ফার্গুসন নিজেও উৎফুল্ল, ‘আমরা যদি ফাইনালে উঠতে পারি তাহলে তো সেটা দারুণ হয়।’তবে এই সম্ভাবনা জাগাতে সিটিকে স্পোর্টিং লিসবন এবং ইউনাইটেডকে বিলবাও বাধা পেরোতে হবে। এর পর প্রার্থনা করতে হবে কোয়ার্টার ফাইনালের ড্র যাতে দুই দলকে মুখোমুখি দাঁড় না করায়। ইংল্যান্ডের দুটি দলের সঙ্গে পরের পর্বে উঠেছে তিন স্প্যানিশ ক্লাব, ভ্যালেন্সিয়া, বিলবাও ও অ্যাটলেটিকো মাদ্রিদ। পরশু টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক করে জার্মানির শালকেকে পরের পর্বে উঠিয়েছেন ক্লাস-ইয়ান হান্টেলার। শেষ ষোলোর ম্যাচগুলো হবে আগামী মাসের ৮ ও ১৫ মার্চ। এএফপি, রয়টার্স।