বেঁচে গেলেন জুনিগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে ফাউলের জন্য জুনিগাকে শাস্তি দেওয়ার আবেদন নাকচ করেছে ফিফা
নেইমারকে ফাউলের জন্য জুনিগাকে শাস্তি দেওয়ার আবেদন নাকচ করেছে ফিফা

তাঁর ওই এক ফাউলেই শেষ হয়ে গেছে নেইমারের বিশ্বকাপ। ওই ফাউলে নাকি নেইমারের গোটা ক্যারিয়ারটাই শেষ হয়ে যাওয়া ঝুঁকি ছিল, হয়ে যেতে পারতেন পঙ্গুও। এমন ভয়াবহ কাণ্ড করেও পার পেয়ে যাচ্ছেন কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগা। ফিফা জানিয়ে দিয়েছে, আইন অনুযায়ী জুনিগার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো অধিকারই নাকি নেই!
জুনিগার ওই বুনো ট্যাকলের পর নেইমারকে মাঠ ছাড়তে হয়েছিল স্ট্রেচারে শুয়ে। তবুও জুনিগাকে লাল কার্ড তো দূরের কথা, হলুদ কার্ডের মুখও দেখতে হয়নি। ওই ফাউলটি নেইমারকে আঘাত করার উদ্দেশেই করা হয়েছিল কি না, সেই তদন্তের আবেদনও জানানো হয়েছিল ফিফা বরাবর। কিন্তু ফিফা কোনো কিছুই আমলে নেয়নি।
ফিফা এ ব্যাপারে বল ঠেলে দিয়েছে রেফারির কোর্টেই। তাদের যুক্তি, জুনিগার বিরুদ্ধে রেফারির তরফ থেকে কোনো প্রতিবেদন তাদের হাতে আসেনি। যেহেতু এটা মাঠের ফাউল আর রেফারি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি, তাই এতে কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাদের নেই। শৃঙ্খলা আইনই নাকি হাত-পা বেঁধে দিয়েছে ফিফার।
ফিফার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনাটি নিয়ে প্রচুর বিচার-বিশ্লেষণ করা হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আমাদের যেসব তথ্য ও নথিপত্র পাঠিয়েছে আমরা সেসব খতিয়ে দেখেছি। সবকিছু বিচারের পর চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, ফিফার শৃঙ্খলা বিধি অনুসারে শৃঙ্খলা কমিটি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারে না। ’
তবে নেইমার যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই কামনা ফিফারও, ‘আমরা আশা করছি তিনি খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। শুধু নেইমার নয়, যেসব খেলোয়াড় চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন, তাঁদের সবার জন্যই আমাদের একই প্রার্থনা থাকবে।’