বেঁচে থাকল বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকে ইংরেজিতে ‘বাংলাদেশ’ লেখা টি-শার্ট। এখানকার স্থানীয় ও বিদেশি সাংবাদিকেরা তাই অভিনন্দন জানাচ্ছেন, ‘বাংলাদেশ জিতেছে, কনগ্র্যাটস!’ সবাই উত্তর পাচ্ছে প্রায় একই রকম, ‘আরে দূর, এটি আবার জয় নাকি। কোথায় তিন শ-টিন শ করে প্রথম ইনিংসেই ম্যাচ শেষ করে দেবে, দেড় শ রানে জিতবে। সেখানে এমন কষ্টের জয়!’ প্রকাশভঙ্গিতে বিরক্তি থাকলেও বাংলাদেশি দুই সাংবাদিকের মনের মধ্যে আসলে ছিল স্বস্তি। এ ম্যাচ হারলেই স্বপ্নের অপমৃত্য হতো। দেশ থেকেই উড়ে যেত বিশ্বকাপের আবেগ। এই যে পুরো দেশের ভাষা এক হয়ে যাওয়া, এই যে ক্রিকেট-বিশ্বের বাংলাদেশের ক্রিকেট প্রেম নিয়ে ধন্যি ধন্যি, সব শেষ হয়ে যেত ছয় সপ্তাহের বিশ্বকাপের প্রথম সপ্তাহেই। এখন পর্যন্ত ‘টক অব দ্য ওয়ার্ল্ড কাপ’ যে বাংলাদেশের মানুষের উন্মাদনা।স্টেডিয়ামের ভেতরে ২৫ হাজার, বাইরের লাখো আর টিভির সামনে কোটি দর্শকের মতো ম্যাচটা স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নিয়েছে হাজার মাইল দূরে থাকা দুই বাংলাদেশি সাংবাদিকেরও। সাকিব আল হাসান আর উইলিয়াম পোর্টারফিল্ড যখন টস করছেন, শ্রীলঙ্কার বিশ্বকাপ কভার করতে আসা সাংবাদিকেরা তখন সংবাদ সম্মেলন কক্ষে কুমার সাঙ্গাকারার প্রতীক্ষায়। কিন্তু শীতাতপনিয়ন্ত্রিত রুমে বসেও সমানে ঘামছি আমরা দুই বাংলাদেশি। কোনো কারণে আসতে দেরি করছেন শ্রীলঙ্কান অধিনায়ক, এরপরই আবার আসবেন ওয়াকার ইউনুস। কথা ছিল পাকিস্তানের সংবাদ সম্মেলন হবে বেলা সাড়ে ১২টায়। কিন্তু জুমার নামাজ পড়ার জন্য অনুশীলন শেষেই চলে গেছে পাকিস্তান দল। আর বাজ পড়েছে দুই বাংলাদেশি সাংবাদিকের মাথায়, দুজনের সংবাদ সম্মেলন শেষ হতে হতেই তো পেরিয়ে যাবে বাংলাদেশ ম্যাচের অনেকটা!ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নিয়ে সাঙ্গাকারা এলেন অনেকটা দেরিতে, ওয়াকারকে পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নও যেন শেষ হয় না। সংবাদ সম্মেলনটাকে তখন মনে হতে লাগল অন্তহীন। শেষ হতেই কানে এল পিলে চমকে ওঠার মতো খবর। শ্রীলঙ্কা থেকে ৫টি ম্যাচ সরাসরি সম্প্রচার করতে এসেছে বাংলাদেশ বেতারের একটি দল। তাঁদের একজন জানালেন, বাংলাদেশ ৪ উইকেটে ৮৬! রুদ্ধশ্বাসে প্রেসবক্সে ছুটে এসে আরেক ধাক্কা। গোটা দশেক টিভির সবগুলোতেই চলছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ! ট্রান্স-তাসমান লড়াই রেখে কে দেখবে দুই ‘পুঁচকে’ দলের ম্যাচ, কে বুঝবে দুই বাংলাদেশির আবেগ! ক্রিকইনফোর কমেন্ট্রিই তাই ভরসা! ওই ম্যাচ শেষে অবশ্য টিভির পর্দায় ভেসে উঠেছে বাংলাদেশ।কিন্তু প্রেমাদাসার প্রেসবক্সে বসে মন যে পড়ে আছে শেরেবাংলায়, লেখা বের হবে কীভাবে! পিত্তি জ্বলে যাচ্ছিল কলকাতার অতি সহমর্মী কলকাতার দু-একজন সাংবাদিকের কথায়, ‘দাদা, বাংলাদেশ তো মনে হয় ধরা খেয়ে যাচ্ছে!’ বাংলাদেশ ধরা খায়নি, তাই বেঁচে আছে এই বিশ্বকাপ।কলম্বোয় আসার পর কালই প্রথম মোটামুটি বোঝা গেল এই দেশে বিশ্বকাপ হচ্ছে। খানিকটা সাজ সাজ রব। জাতীয় দলের জার্সির সঙ্গে মিলিয়ে প্রেমাদাসার গ্যালারির চেয়ারগুলোও নীল আর হলুদ। প্রায় ৩০ হাজার দর্শক বসার পরও গ্যালারি নীল-হলুদই থাকল। প্রায় সবার গায়েই যে জার্সি! শ্রীলঙ্কায় ক্রিকেট ম্যাচের প্রধান অনুষঙ্গ গ্যালারির ড্রাম বাহিনী তো ছিলই। সঙ্গে যোগ হয়েছে ‘চিয়ার ড্রামার’। চিয়ারলিডারদের মঞ্চের মতোই ছোট মঞ্চ করা হয়েছে মাঠের দুই পাশে, একটু পরপরই সেখানে দাঁড়িয়ে ড্রাম বাজাচ্ছেন সাদা পোশাকের বাহিনী। তার পরও কেমন যেন প্রাণ নেই। সবকিছুর মাঝে একটা পরিমিত ভাব। শুনে শ্রীলঙ্কার এক সাংবাদিক অবাক, ‘এর চেয়ে বেশি প্রাণ আর কী চাও?’