বেইলি ১৫৬, অস্ট্রেলিয়া ৩৫০

জিতলেই সিরিজ নিশ্চিত। ভারতের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে এমন সমীকরণ নিয়ে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেছেন শেন ওয়াটসন ও জর্জ বেইলি। নির্ধারিত ওভার শেষে জোড়া সেঞ্চুরিতে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৫০ রান।
দলীয় সর্বোচ্চ ১৫৬ এসেছে অধিনায়ক বেইলির ব্যাট থেকে। তাঁর ১১৪ বলের নান্দনিক ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ছয়টি ছয়ের মার। ১৩ চার আর তিন ছয়ে ৯৪ বলে ১০২ রান করেন ওয়াটসন।
এ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির সিদ্ধান্তটা শুরুর দিকে যথার্থই মনে হচ্ছিল। ৪৫ রানের মধ্যে উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারিয়ে বসে অসিরা। ফিল হিউজ ব্যক্তিগত ১৩ ও আরোন ফিঞ্চ ২০ রানে আউট হন। কিন্তু তৃতীয় উইকেটে পাল্টে যায় দৃশ্যপট। ভারত যখন তৃতীয় উইকেটের দেখা পায়, ততক্ষণে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২১৩ রান। বেইলি-ওয়াটসনের ১৬৮ রানের ভাঙেন মোহাম্মদ শামি।
ওয়াটসনের বিদায়ের পর বেইলির সঙ্গী হন গ্লেন ম্যাক্সওয়েল। তবে অধিনায়ককে সঙ্গটা দিতে পারেননি তিনি। ফিরে যান মাত্র ৯ রান করে। এরপর উইকেটে আসা অ্যাডাম ভোগস অবশ্য যথার্থই খেলেছেন। ইনিংস শেষ হওয়ার সময় ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। মনে হচ্ছিল, অপরাজিত থেকেই ইনিংস শেষ করবেন বেইলি। সেটা হয়নি, জাদেজার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাত্র চার বল বাকি থাকতে। ততক্ষণে অবশ্য ভারতের যা ক্ষতি করার তা করে ফেলেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৫০/৬ (৫০ ওভার)
বেইলি ১৫৬, ওয়াটসন ১০২, ভোগস ৪৪*
জাদেজা ২/৬৮, অশ্বিন /৬৪
টস: ভারত
সূত্র: ক্রিকইনফো