
মাইকেল ক্লার্কের মুখে অমন কথা অবাক করেছিল অনেককেই। এমনিতে স্লেজিং অস্ট্রেলিয়ান ক্রিকেটেরই সমার্থক। কিন্তু সে ধারার অনুসারী কখনোই সেভাবে ছিলেন না ক্লার্ক। অনেক সতীর্থ বা পূর্বসূরির তুলনায় তো তাঁকে নিপাট ভদ্রলোকই বলা যায়। সেই ক্লার্কই কিনা জরিমানা গুনছেন স্লেজিংয়ে মাত্রা ছাড়িয়ে যাওয়ার অপরাধে। শেন ওয়ার্নের দাবি সত্যি হলে অবশ্য ক্লার্কের অমন রূপের প্রেক্ষাপট স্পষ্ট হতে পারে অনেকের কাছে। জেমস অ্যান্ডারসন ব্রিসবেনেই টেস্ট অভিষিক্ত জর্জ বেইলির মুখে ঘুষি মারতে চেয়েছিলেন বলেই নাকি অমন খেপে গিয়েছিলেন ক্লার্ক!
এমনিতে ওয়ার্নের সঙ্গে ক্লার্কের দোস্তির কথা অনেকেরই জানা। তবে স্রেফ ঘনিষ্ঠ বন্ধুর পাশে দাঁড়াতে নয়, ওয়ার্নের দাবি অ্যান্ডারসনের কথাটা তিনি নিজ কানে শুনেছেন। চলতি অ্যাশেজে নাইন নেটওয়ার্কসের ধারাভাষ্য দলে আছেন ওয়ার্ন। আর স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়া সব কথাই শুনতে পান ধারাভাষ্যকারেরা। টুইট করে সেটিই সবাইকে জানিয়ে দিয়েছেন ওয়ার্ন, ‘মাইকেল ক্লার্ককে জরিমানা করাটা দুঃখজনক। জর্জ বেইলিকে বলা জিমি অ্যান্ডারসনের কথাটির তবে কী হলো, যেটা শোনা যায়নি! অ্যান্ডারসন যখন বলল সে বেইলির মুখে ঘুষি মারতে চায়, ক্লার্ক তখন স্রেফ বেইলির পাশে দাঁড়িয়েছে, অধিনায়ক হিসেবে ওর যা করা উচিত। দুর্ভাগ্যজনকভাবে অ্যান্ডারসনের প্রতি ক্লার্কের প্রতিক্রিয়াই সরাসরি সম্প্রচারে শোনা গেছে। কিন্তু অ্যান্ডারসনের যে কথার জবাবে ক্লার্ক অমন বলল, সেটা আমরা সবাই শুনেছি।’ অ্যান্ডারসনের ব্যাটিংয়ের সময় ‘ক্লোজ ইন’ ফিল্ডার ছিলেন বেইলি।
ক্লার্কের কথা সরাসরি সম্প্রচার হওয়া নিয়েও বিতর্ক হচ্ছে বিস্তর। টিভি সম্প্রচারের নিয়ম অনুযায়ী, ওভারের মাঝের বিরতিতে স্টাম্প মাইক্রোফোন বন্ধ থাকার কথা। কিন্তু ক্লার্কের ঘটনার সময় তা ছিল না। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বলছে, আপিল করলে নিজের পক্ষে তাই একটা শক্ত যুক্তি পাবেন ক্লার্ক। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান পল মার্শ তো এ জন্য একহাত নিয়েছেন সম্প্রচার কর্তৃপক্ষকে। জরিমানায় দমে না গিয়ে আগ্রাসী মনোভাবে একবিন্দু ছাড় না দিতেও ক্লার্কদের পরামর্শ দিয়েছেন মার্শ। এএফপি ও ওয়েবসাইট।