বেইলির অপেক্ষার অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ বেইলি
জর্জ বেইলি

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শুরু চমকের মধ্য দিয়ে। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই জর্জ বেইলির কাঁধে ছিল অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের গুরুদায়িত্ব। সেটাও বেশি দিন আগে নয়। গত বছরের ১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তাঁর শুরু। মাথা ঠান্ডা রাখা আর নেতৃত্বগুণের পুরস্কার হিসেবে পরের মাসেই ডাক পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। সীমিত ওভারের ক্রিকেট দিয়েই নিজেকে প্রমাণ করা বেইলি এবার ডাক পেলেন টেস্ট দলেও।
শুধু ডাক পাওয়াই নয়, নির্বাচকেরা নিশ্চিত করেছেন, ২১ নভেম্বর থেকে শুরু ব্রিসবেনের প্রথম টেস্টেই অস্ট্রেলিয়ার ৪৩৫তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে বেইলির। আসন্ন অ্যাশেজের প্রথম টেস্টের জন্য কাল ঘোষিত ১২ সদস্যের দলে বেইলিই একমাত্র নতুন মুখ। ফিরেছেন পেসার মিচেল জনসন। ইংল্যান্ডে হওয়া গত অ্যাশেজের শেষ টেস্টে খেলা দল থেকে পরিবর্তন এই দুটিই। ওভালে অভিষেক হওয়া অলরাউন্ডার জেমস ফকনারও ধরে রেখেছেন জায়গা।
তবে ফকনার বা জনসন নন, চমক বলতে বেইলির নামটিই। দলে জায়গা পেতে তাঁরই তাসমানিয়ান সতীর্থ অ্যালেক্স ডুলানের সঙ্গে লড়াই হয়েছে। শেষ পর্যন্ত জন ইনভেরারিটির নির্বাচক কমিটি বেইলিকেই বেছে নিয়েছে। যদিও লাল বলের ক্রিকেটে ৩১ বছর বয়সী বেইলির সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো নয়। গত বছর শেফিল্ড শিল্ডে করেছেন ২৫৬ রান, গড় ১৮.২৮! সব মিলিয়ে ৯৭টি প্রথম শ্রেণীর ম্যাচে করেছেন ৩৮.২৮ গড়ে ৬০১১ রান। সেঞ্চুরি ১৪টি।
কিন্তু সেটা ঢেকে দিয়েছে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স। মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে সদ্যসমাপ্ত ভারতের বিপক্ষে সিরিজে রানের বন্যা বইয়ে দিয়েছেন। করেছেন ৪৭৮ রান, গড় অবিশ্বাস্য, ৯৫.৬! গত বছরের মার্চে ওয়ানডে অভিষেকের পর এ পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে করেছেন ৫৪.৯৬ গড়ে ১৫৩৯ রান। এই সময়ে ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি রান করেছেন কেবল ভারতের বিরাট কোহলি।
টেস্ট দলে ডাক পাওয়াটা যে তারই পুরস্কার, নির্বাচক ইনভেরারিটিই নিশ্চিত করেছেন সেটা, ‘আন্তর্জাতিক ওয়ানডেতে তার পারফরম্যান্স অসাধারণ। কাজেই এই সুযোগটা তার প্রাপ্য।’ প্রাপ্ত সেই সুযোগটাকে কাজে লাগাতে মুখিয়ে আছেন বেইলিও, ‘আমি রোমাঞ্চিত। এখন অপেক্ষায় আছি সামর্থ্যের সেরা খেলাটা খেলার।’ অধিনায়ক ক্লার্ক তোগত অ্যাশেজের দলে জায়গা না পাওয়া জনসনও দলে ফিরেছেন ভারত সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই। বাঁহাতি পেসারকে দলে রেখে নির্বাচক কমিটি পূরণ করেছে গ্লেন ম্যাকগ্রার মতো সাবেকদের চাওয়াটাও।
অস্ট্রেলিয়া দল: রজার্স, ওয়ার্নার, ওয়াটসন, ক্লার্ক (অধিনায়ক), স্মিথ, বেইলি, হাডিন (সহ-অধিনায়ক), ফকনার, জনসন, সিডল, হ্যারিস ও লায়ন। ওয়েবসাইট।