বেইলির করুণ মৃত্যু
উইকেট একটু জমে গেলে তাঁকে আউট করা ছিল খুবই কষ্টের কাজ। ১৯৫৩ সালে লর্ডস টেস্টে উইলি ওয়াটসনের সঙ্গে সাড়ে চার ঘণ্টা লম্বা জুটিতে বাঁচিয়ে দিয়েছিলেন ম্যাচ, আর তাতেই ১৯ বছর পর অ্যাশেজ পুনরুদ্ধার করেছিল ইংল্যান্ড। জীবনের উইকেটেও ট্রেভর বেইলি এগিয়ে গিয়েছিলেন শতকের কাছে, কিন্তু ৮৭ বছর বয়সে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার আউট হয়ে গেলেন অমোঘ মৃত্যুর কাছে। মৃত্যুটা মর্মান্তিক, মারা গেছেন আগুনে পুড়ে। এসেক্সের বাসার রান্নাঘরে ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে পড়েছিল বেইলির মৃতদেহ। ওই আগুনের মাঝখান থেকেই অবশ্য উদ্ধার করা হয়েছে তাঁর স্ত্রী গ্রেটাকে।১৯৪৯ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত বিস্তৃত ক্যারিয়ারে ৬১টি টেস্ট খেলেছেন বেইলি। ছিলেন ডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি পেসার। একটি সেঞ্চুরিসহ ২৯.৭৪ গড়ে ২২৯০ রান করেছেন, উইকেট নিয়েছেন ১৩২টি। সবচেয়ে উল্লেখযোগ্য শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪ রানে ৭ উইকেট। অবসরের পর বই লিখেছেন, পত্রিকায় কলাম লিখেছেন। কিন্তু নিজের কাউন্টি দল এসেক্সকে ভোলেননি। তাই সেখানেই দিন কাটিয়ে গেলেন আমৃত্যু। ক্রিকইনফো।